২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গল টেস্টে এখনো ১৭১ রানে পিছিয়ে নিউজিল্যান্ড

মুষলধারে বৃষ্টি হওয়ায় তৃতীয় দিনের খেলা শুরু হতে ৯০ মিনিট দেরি হয়। তারপরও স্বাগতিক শ্রীলঙ্কার বোলাররা ছয় উইকেট তুলে নিলে বেকায়দায় পড়ে সফরকারী নিউজিল্যান্ড। বৃহস্পতিবার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে তারা রান তুলেছে ৮ উইকেটে ২৮১। এখনও পিছিয়ে আছে ১৭১ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুষলধারে বৃষ্টি হওয়ায় তৃতীয় দিনের খেলা শুরু হতে ৯০ মিনিট দেরি হয়। তারপরও স্বাগতিক শ্রীলঙ্কার বোলাররা ছয় উইকেট তুলে নিলে বেকায়দায় পড়ে সফরকারী নিউজিল্যান্ড। বৃহস্পতিবার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে তারা রান তুলেছে ৮ উইকেটে ২৮১। এখনও পিছিয়ে আছে ১৭১ রানে। প্রথম ইনিংসে ৪৫২ রান করে স্বাগতিকরা। নিউজিল্যান্ড ২ উইকেটে ৮২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে। উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাকিনটস ও নাইটওয়াচম্যান জিতেন প্যাটেল ভালোই শুরু করেছিলেন। কিন্তু পেসার থিলান থুসারা ও স্পিনার মুত্তিয়া মুরালিধরন কিউইদের খুব বেশি দূর এগুতে দেননি। দলীয় ১২৯ রানের মাথায় মুরালিধরন জিতেনকে (২৬) এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন। থুসারার বলে টেইলর ব্যক্তিগত ৩৫ রানে উইকেট কিপার প্রসন্ন জয়বর্ধনের হাতে ধরা পড়েন। তখন দলের রান ছিল ১৮০। এরপর ৮ রান যুক্ত হতেই মুরালিধরনের বলে বিদায় নেন ম্যাকিনটস। ২২৬ বলে ৬৯ রান করেন তিনি। দলীয় ১৯৫ রানের মাথায় ব্রেন্ডন ম্যাককুলামকে (১) সরাসরি বোল্ড করেন থিলান থুশারা। পরপর ৩ উইকেট পড়ে যাওয়ায় নিউজিল্যান্ড ইনিংসকে আবার পথে আনার চেষ্টায় নামেন নামেন জ্যাকব ওরাম ও রাইডার। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি ওরাম (১২)। মুরালিধরনের বলে ওয়ার্নাপুরার হাতে ধরা পড়ে বিদায় নেন। যদিও আম্পায়ারের সিদ্ধান্ত খুশি মনে মেনে নিতে পারেননি ওরাম। কারণ টিভি রিপ্লেতে দেখা যায় বল ওরামের প্যাডে লেগে ক্যাচ উঠেছিল, ব্যাটে লেগে নয়। তখন দলের রান ৭ উইকেটে ২২৩। ফলোঅন এড়ানো তখনও সম্ভব হয়নি। রাইডারকে সঙ্গে নিয়ে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি ফলোঅন এড়ানোর লড়াইয়ে নামেন। এতে জয়ী হলেও দিনের খেলা শেষ হওয়ার মাত্র ৪ ওভার আগে দলীয় ২৫৯ রানের মাথায় রাইডারকে (৪২) সরাসরি বোল্ড করেন নুয়ান কুলাসেকেরা। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৮১। ৩৩ রানে ব্যাট করছেন ভেট্টরি। ৩ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন ও'ব্রায়ান। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৫২ (জয়বর্ধনে ১১৪, সামারাবিরা ১৫৯, দিলশান ৯২; ক্রিস মার্টিন ৭৭/৪, ভেট্টরি ৭৮/৪) নিউজিল্যান্ড ১ম ইনিংস: ২৮১/৮ (ম্যাকিনটস ৬৯, রাইডার ৪২, টেইলর ৩৫, ভেট্টরি ৩৩*; মুরালিধরন ৬৬/৩, থুসারা ৮০/৩) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২১৪৯ ঘ.