চেন্নাই, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রান কম নেই রাহুল দ্রাবিড়ের। টেস্ট ও ওয়ানডে, দুই ধরনের ক্রিকেটই তার রান দশ হাজার ছাড়িয়ে গেছে। তাই ওয়ানডে দলে ডাক পাওয়ার পর রাহুল দ্রাবিড় বললেন, তার প্রমাণ কিছুই নেই। তবে দলে ফের ডাক পেয়ে তিনি আনন্দিত।
আগামী মাসে শ্রীলঙ্কায় তিন জাতির টুর্নামেন্ট এবং দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রায় দু'বছর পর ভারতীয় দলে ডাক পেলেন দ্রাবিড়। তিন জাতির টুর্নামেন্টে ভারত খেলবে নিউজিল্যান্ড ও স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে।
৩৬ বছরের সাবেক অধিনায়ক শেষবার ওয়ানডে খেলেছিলেন ২০০৭ সালের অক্টোবরে। এরপরই নির্বাচকরা তাকে উপেক্ষা করেন, ২০১১ সালের বিশ্বকাপ দলে তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্য।
ডেকান হেরাল্ড পত্রিকাকে তিনি বলেন, "ক্রিকেট জীবনে আমি কখনই নিজেকে প্রমাণ করার জন্য খেলিনি। দিনের পর দিন নিজের সবকিছু ঢেলে দিয়ে সেরা কিছু করার চেষ্টা করেছি। সেটি যে কোন ধরনের ক্রিকেটই হোক না কেন এবং যে দলের পক্ষেই খেলি না কেন।"
রাহুল দ্রাবিড়ের ঝুলিতে আছে ১০ হাজারেরও বেশি টেস্ট রান। ওয়ানডেতেও ছাড়িয়ে গেছেন ১০ হাজার রানের কোঠা।
ইংল্যান্ডে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে শর্ট বলে ভারতীয় তরুণ ক্রিকেটাদের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। তাই দক্ষিণ আফ্রিকার ফাস্ট উইকেটে রাহুলের প্রয়োজন জরুরি হয়ে ওঠে বলে ভাবছেন নির্বাচকরা।
তিন জাতির টুর্নামেন্ট শুরু হবে ৮ সেপ্টেম্বর। শেষ হবে ১৪ সেপ্টেম্বর। আর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ২২ সেপ্টেম্বর। শেষ হবে ৫ অক্টোবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৯১৬ ঘ.
bdnews24