ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছয় সপ্তহ পরই মাঠে ফিরতে পারবেন ফাস্ট বোলার মাশরাফি বিন মুর্তাজা। তার দুই হাঁটুতে সফল অপারেশনের পর এই আশ্বাস দিয়েছেন অর্থপেডিক সার্জন ডেভিড ইয়াং।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার সকালে অস্ট্রেলিয়ার মেলবোর্নের এভিনিউ হাসপাতালে এই অপারেশন করা হয়।
অস্ট্রেলিয়ান চিকিৎসক ডেভিড ইয়াং বলছেন, তিন সপ্তাহ পরই দৌঁড়াতে পারবেন মাশরাফি। আর ছয় সপ্তাহ পর পুরোদমে ক্রিকেট খেলার মত অবস্থায় ফিরতে পারবেন নড়াইল এক্সপ্রেস।
অর্থসকোপিক অপারেশন পর চিকিৎসকের আশ্বাসে স্বস্তি ফিরে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। মেলবোর্ন থেকে বিসিবিকে জানিয়েছেন, "অপারেশন ভাল মত হওয়ায় আমি স্বস্তি বোধ করছি। আশা করি আগামী আন্তর্জাতিক সিরিজেই খেলতে পারব। আমার সুস্থতা কামনার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।"
চিকিৎসার জন্য বুধবার মধ্যরাতে স্ব-স্ত্রীক অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়েন মাশরাফি। শুক্রবার তার হাঁটু পরীক্ষা করে দেখেন ডেভিড ইয়াং। বিশেষজ্ঞ এই চিকিৎসকের কাছেই দীর্ঘদিন ধরে হাঁটুর চিকিৎসা করাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে ডান হাঁটুতে তিনবার অপারেশন করাতে হয়েছে মাশরাফিকে। এবারই প্রথম এক সঙ্গে দুই হাঁটুতে অপারেশন করাতে হলো বাংলাদেশের এই পেসারকে।
১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টর তৃতীয় দিন সকালে বল করার সময় ডান হাঁটুতে চোট পান মাশরাফি। এরপর আর মাঠে নামতে পারেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯০৫ ঘ.
bdnews24