ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজের দখল আগেই নিয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানের জিতেছিল চতুর্থ ওয়ানডে। শেষ ম্যাচটি জিতলে অন্তত লজ্জার হাত থেকে বাঁচে সফরকারীরা। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১৩২ রানের বড় ব্যবধানেই হারিয়েছে তারা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ইউনিস খান ও মিসবাহ উল হকের অপরাজিত হাফ সেঞ্চুরিতে পাকিস্তান রান তোলে আট উইকেটে ২৭৯। যদিও শুরুটা ভাল হয়নি তাদের। ইনিংসের প্রথম বলেই কামরান আকমলের বিদায়ে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা দেখা দেয়। দ্বিতীয় উইকেট জুটিও বেশিক্ষণ টিকতে পারেনি। দলীয় ৪৫ রানে আউট হন ইমরান নাজির। সেখান থেকে মোহাম্মদ ইউসুফ ও অধিনায়ক ইউনিস খান দলকে নিয়ে যান ১১৩ রানে।
ব্যক্তিগত ৪৩ রানে জয়াসুরিয়ার বলে সাঙ্গাকারার হাতে ক্যাচ দেন ইউসুফ। প্রসাদের বলে ৭৬ রানে বোল্ড হন অধিনায়ক ইউনিস খান। এরপর মিজবাহ উল হক অপরাজিত ৭৩ আর নাভিদুল হাসান ৩৩ রান করলে লড়াই করার মতো পুঁজি পায় পাকিস্তান।
জয়ের জন্য ২৮০ রানের টার্গেটকে বেশ বড়ই বলতে হবে। তারওপর পাকিস্তানী পেসাররা জ্বলে উঠলে লক্ষ্যে পৌঁছানো দূরে থাক মান বাঁচানোই দায় হয়ে পড়ে শ্রীলঙ্কার জন্য। একের পর এক উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি তারা। ১৪৭ রানেই সকলে আউট হয়ে যায়।
মাহেলা জয়াবর্ধনে ৩১, কাদম্বি অপরাজিত ৪২ আর বান্দারা ৩১ রান করেন।
পাকিস্তানী পেসার মোহাম্মদ আমের ও নাভেদুল হাসান চারটি করে উইকেট নেন। আফ্রিদির দখলে গেছে দু'টি উইকেট। ম্যাচ সেরা হয়েছেন নাভেদুল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৩০ ঘ.
bdnews24