বার্মিংহাম, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টের আগে অনুপ্রেরণা খুঁজছেন ইংলিশ ও অসি অধিনায়ক, দু'জনেই। তাই তারা নজর দিচ্ছেন তৃতীয় টেস্টের ইতিবাচক দিকগুলোর ওপর।
অ্যাজবাস্টনে সোমবার তৃতীয় টেস্ট অমিমাংসিতভাবে শেষ হয়। ম্যাচের শুরু ও শেষটা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু মাঝের অংশে আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড। সিরিজে ইংলিশরা এগিয়ে আছে ১-০ টেস্টে।
"আমরা বেশিরভাগ সময় ভালই খেলেছি," এক সংবাদ সম্মেলনে বলেন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং, "প্রথমদিনে আমরা খুব চমৎকার শুরু করেছিলাম। এরপর ইংলিশ বোলাররা মারাত্মক সুইং করতে থাকে, যা মোকাবিলা করা বিশ্বের যে কোন দলের পক্ষে অত্যন্ত কঠিন।"
পন্টিং বলেন, "পরে আমরাও খুব ভাল সুইং বোলিং করেছি। শক্তিশালী একটা অবস্থানে যাওয়ার জন্য ইংল্যান্ডও ইতিবাচক ক্রিকেট খেলেছে। কিন্তু আমার মনে হয় পঞ্চমদিনে আমাদের ব্যাটসম্যানরা দৃঢ় মনোভাব নিয়ে ব্যাটিং করেছেন।"
কিন্তু ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের গলায় ছিল হতাশার ছাপ। তিনি বলেন, "একটুর জন্য সবকিছই ভেস্তে গেছে। পঞ্চমদিনের শুরুটা এত ভাল করেছিলাম যে ফলাফল বের করে আনা সম্ভব হলেও হতে পারতো।"
"কিন্তু আশা অনুয়ায়ী কন্ডিশন আমাদের মোটেও সহায়তা করেনি। আর সত্যি কথা বলতে কি খুবই ভাল ব্যাট করেছে অস্ট্রেলিয়া," বলেন তিনি।
মাইকেল ক্লার্কের কঠিন একটি ক্যাচ ফেলে দেন স্ট্রাউস। তখন ক্লার্কের রান ছিল ৩৮। অবশেষে ডানহাতি এই ব্যাটসম্যান অপরাজিত সেঞ্চুরি করেন।
এ প্রসঙ্গে স্ট্রাউস বলেন, "হয়তো এটি একটি সুুযোগ ছিল। কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত নই।"
দ্বিতীয় দিনে গ্রাহাম ওনিয়ন্স ও জেমস অ্যান্ডারসনের সুইং বোলিংকে অসাধারণ বলে অভিহিত করেন তিনি। বলেন, "এই ম্যাচ থেকে বেছে নেওয়ার মতো ইতিবাচক অনেক কিছুই আছে। পুরো তিনদিন আমরা অস্ট্রেলিয়ার ওপর আধিপত্য বিস্তার করে খেলেছি।"
সিরিজে ১-০ ম্যাচে পিছিয়ে থাকার ব্যাপারে পন্টিং মোটেও বিচলিত নন। "এ ব্যাপারে আমরা উদ্বিগ্ন নই," বলেন পন্টিং, "সাধরণত প্রতিকুল পরিস্থিতিতে আমরা আমাদের সেরা খেলাটা খেলে থাকি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২২ ঘ.
bdnews24