২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজেও পরাজয়ের বৃত্তে পাকিস্তান

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩৬ রানে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে গেছে পাকিস্তান। ফলে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারার পর ওয়ানডে সিরিজেও পরাজয়ের বৃত্ত থেকে বেরুতে পারেনি তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 05:28 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩৬ রানে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে গেছে পাকিস্তান। ফলে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারার পর ওয়ানডে সিরিজেও পরাজয়ের বৃত্ত থেকে বেরুতে পারেনি তারা। বৃহস্পতিবার ডাম্বুলায় অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টসে জিতে সফরকারী পাকিস্তান স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায়। লংকানরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ১৯৬ রানেই পাকিস্তানের ইনিংস গুটিয়ে গেলে ৩৬ রানে জেতে শ্রীলঙ্কা। তবে প্রথমে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার টপ অর্ডারও খুব একটা সুবিধা করতে পারেনি। ৪৫ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে তারা। প্রথমেই আঘাত হানেন পাক পেসার উমর গুল। তিনি লঙ্কান মারকাটারি ওপেনার সনৎ জয়সুরিয়াকে ব্যক্তিগত ১৫ রানে ফিরিয়ে দেন। এরপর আব্দুল রাজ্জাক ফেরান আরেক ওপেনার থারাঙ্গাকে (১৭)। শ্রীলঙ্কার রান তখন ২ উইকেটে ৪৫। এরপর অধিনায়ক কুমার সাঙ্গাকারা ইনিংস মেরামতের দায়িত্ব নেন সাবেক অধিনায়ক জয়বর্ধনেকে সঙ্গে নিয়ে। কিন্তু দলীয় ৯৩ রানের মাথায় সাঙ্গাকারা ব্যক্তিগত ৩৬ রানে সায়েদ আজমলের বলে শহীদ আফ্রিদির ক্যাচে পরিণত হন। এরপর কাপুগেদারাকে (৮) অল্প রানেই তুলে নেন শহীদ আফ্রিদি। শ্রীলঙ্কার রান তখন ৪ উইকেটে ১০৬। দীর্ঘদিন পর লঙ্কান ওয়ানডে স্কোয়াডে জায়গা পাওয়া সামারাবীরাও ভালো করতে পারেননি। ব্যক্তিগত ১০ রানে তাকে অধিনায়ক ইউনিস খানের ক্যাচ বানান আব্দুল রাজ্জাক। এর দুই ওভার পরেই জয়াবর্ধনে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ব্যক্তিগত ৩৩ রানে। দলের রান তখন ৬ উইকেটে ১৩১। স্বাগতিকদের এমন ব্যাটিং বিপর্যয় থেকে টেনে তুলতে মাঠে নামেন ম্যাথুস। তিনি ৪২ রানের দারুন এক ইনিংস খেলেন। কুলাসেকেরা ব্যক্তিগত ১৬ রানে যখন আউট হন তখন শ্রীলঙ্কার স্কোর ৭ উইকেটে ১৭৩। তবে ম্যাথুসের সঙ্গে লঙ্কান চ্যাম্পিয়ন স্পিনার মুত্তিয়া মুরালিধরনের ১৫ বলে ৩২ রানের দুরন্ত ইনিংস ২০০ পার করতে সাহায্য করে লংকানদের। শেষমেশ তাদের রান গিয়ে দাঁড়ায় ৯ উইকেটে ২৩২। মোটামুটি সহজ এ টার্গেট তাড়া করতে গিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় মাত্র ৪৮ রানেই তাদের টপ অর্ডারের তিনজন হাওয়া। ইনিংসের সপ্তম ওভারেই আঘাত হানেন কুলাসেকেরা। তিনি এক দুর্দান্ত ডেলিভারিতে ওপেনিং করতে নামা শোয়েব মালিককে (৯) বোল্ড করেন। পাকিস্তানের স্কোর তখন ২৯। এরপর আঘাত হানেন থিলান থুসারা। তিনি অন্য ওপেনার উইকেট কিপার কামরান আকমলকে (২০) বিদায় দেন বোল্ড করে। পাকিস্তান তখন ২ উইকেটে ৪১। এর কিছু পরেই মোহাম্মদ ইউসুফকে ব্যক্তিগত ৪ রানে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন কুলাসেকেরা। ৪৮ রানে ৩ উইকেট হারানোর পর ঘর সামাল দেওয়ার দায়িত্ব পড়ে অধিনায়ক ইউনিস খানের ওপর। তিনি শহীদ আফ্রিদিকে নিয়ে ইনিংস মেরামতে নামেন। কিন্তু ১ চার ১ ছক্কায় ২৮ বলে ২৭ রান করা 'বুমবুম' আফ্রিদিও থুসারার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। পাকিস্তান তখন ৪ উইকেটে ৭৩। এর কিছু পরে অধিনায়ক ইউনিস খানও (১২) সাজঘরে ফেরেন থুসারার বলে ম্যাথুসের ক্যাচের শিকার হয়ে। পাকিস্তান তখন ৫ উইকেটে ৭৮। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে সফরকারীদের। মিসবাউল (৯) বিদায় নেন দলীয় ৯৫ রানে। মাত্র ৯৫ রানে ৬ উইকেট হারানোর পর পাকিস্তানের জয়ের আশা বাস্তবিকই ফিকে হয়ে যায়। শেষ দিকে এসে ফাওয়াদ আলম (৩৩), আব্দুল রাজ্জাক (১৭), উমর গুল ৩৩ রান এবং মোহাম্মদ আমের ২৩ চেষ্টা করেছিলেন। তাতে জয় পাওয়া সম্ভব না হলেও হারের ব্যবধান কমেছে বৈকি। ৪৪.৪ ওভারে পাকিস্তান ১৯৬ রানে থেমে গেলে ৩৬ রানের জয় পায় শ্রীলঙ্কা। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ২৩২/৯ (সাঙ্গাকারা ৩৬, জয়বর্ধনে ৩৩, ম্যাথুস ৪৬, মুরালিধরন ৩৩, আমের ৪৫/৩, রাজ্জাক ৩৩/২) পাকিস্তান: ১৯৬ (আফ্রিদি ২৭, ফাওয়াদ ৩১, গুল ৩৩, থুসারা ২৯/৩, কুলাসেকেরা ৩০/২, মুরালি ৪৬/২) ফলাফল: শ্রীলঙ্কা ৩৬ রানে জয়ী। সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে শ্রীলঙ্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২৩৩৯ঘ.