ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের পর এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। দেশটির বিরুদ্ধে বাংলাদেশের ওয়ান ডে সিরিজ জয়ও এটাই প্রথম।
শেখ হাসিনা ও খালেদা জিয়া পৃথক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়, অধিনায়ক, কোচ, টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বলেন,"বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই ১৯৯৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটের নবযাত্রার সূচনা হয়।"
"তৎকালীন আওয়ামী লীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্টার কারণেই ২০০০ সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে। তাই দীর্ঘদিন পর টেস্ট সিরিজ এবং গতকালের ওয়ানডে সিরিজ জয় আমাদের ক্রিকেটকে অধিকতর মর্যাদার আসনে বসিয়েছে।"
বিরোধী দলীয় নেত্রী তার অভিনন্দন বার্তায় বলেন," বিদেশের মাটিতে এ রকম বিজয়ের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। আমি আশা করি আমাদের খেলোয়াড়রা বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।''
বাংলাদেশ ক্রিকেট দলকে আরও অভিনন্দন জানান স্পিকার মো. আবদুল হামিদ , সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসএম/এসকে/১৯৫০ঘ.
bdnews24