২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলের সাফল্যে উচ্ছ্বসিত সাকিব

নিজেদের ২০০তম ওয়ানডে ম্যাচে সিরিজ জয়ের আনন্দ উদযাপন করছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। স্বাভাবিতভাবেই উচ্ছ্বসিত বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 10:09 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- নিজেদের ২০০তম ওয়ানডে ম্যাচে সিরিজ জয়ের আনন্দ উদযাপন করছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। স্বাভাবিতভাবেই উচ্ছ্বসিত বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক। পক্ষান্তরে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজ হারা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ফ্লয়েড রেইফার তার অনভিজ্ঞ তরুণ দলের ভালো করার জন্য আরও সময় চাইছেন। ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় সাকিব বলেন, "আমি আসলে আমার অনুভূতি বোঝাতে পারব না।' ৬৫ রানের সময়োপযোগী ইনিংসের কল্যাণে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাওয়া সাকিব বলেন, "দলের সবাই তাদের সেরাটা দিয়েই চেষ্টা করেছে। পুরো সিরিজেই দলের পারফরম্যান্স সহায়ক ছিল। সাপোর্ট স্টাফরাও ছিল বেশ তৎপর। তাই আমরা ভালো করেছি।" তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে এসে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল। ট্রাভেস ডাউলিনের অপরাজিত সেঞ্চুরির কল্যাণে তারা সফরকারী বাংলাদেশের সামনে ২৭৫ রানের এক কঠিন টার্গেট দাঁড় করায়। কিন্তু অধিনায়ক সাকিব দু' দুটো দুরন্ত পার্টনাশিপ গড়ে কঠিন টার্গেটকেও অনেকটাই সহজ বানিয়ে ফেলেন। মোহাম্মদ আশরাফুলের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে তিনি যোগ করেন ৭৪ রান। সাকিবের মতো আশরাফুলও অবশ্য পরপর দু' ম্যাচে হাফ সেঞ্চুরির ইনিংস খেলেন। এরপর সাকিব উইকেট কিপার মুশফিকুর রহীমের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে আরও ৪৮ রান যোগ করেন। তবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজও এ ম্যাচে তাদের স্পিন দুর্বলতা কাটিয়ে উঠে চড়াও হয় বাংলাদেশী স্পিনারদের উপরে। তাই সাকিবও বলতে বাধ্য হয়েছেন, "এটা সত্যিই দারুণ জয়। এটা আগের ম্যাচের চেয়ে অনেক বেশি কঠিন ছিল। তারা আমাদের সত্যিই পরীক্ষায় ফেলে দিয়েছিল। আমাদের স্পিনারদেরও ওরা বেশ ভালোভাবেই খেলেছে।" ট্র্যাভেস ডাউলিন শেষ দিকে বাংলাদেশী স্পিনারদের যেভাবে পিটিয়ে খেলেছেন, তাতে শেষ দশ ওভারে স্বাগতিকরা ৯৮ রান তুলে ফেলে। ৮৮ বলে হাফসেঞ্চুরি পেরুনো ডাউলিন ব্যাটিং পাওয়ার প্লের সুবিধা নিয়ে রীতিমতো ঝড় তোলেন নাইম, রাজ্জাক, রিয়াদদের উপরে। তাই বাংলাদেশের সামনে ২৭৫ রানের সর্বাধিক রান তাড়া করবার টার্গেট দাঁড় করানো সম্ভব হয় স্বাগতিকদের। উইন্ডিজ ক্যাপ্টেন লয়েড রেইফারও মনে করেছিলেন টার্গেট যথেষ্টই মজবুত ছিল। কিন্তু তারপরও সেটা সফরকারীরা উৎরে যেতে সক্ষম হয়। রেইফার বলেন, "আমরা ভেবেছিলাম ২৭৪ দারুণ স্কোর। ট্রাভেস সত্যিই দুর্দান্ত খেলেন।" কিন্তু মূল সমস্যা ছিল অন্য জায়গায়। মাত্র পাঁচজন বোলার নিয়ে খেলে স্বাগতিকরা। যার মধ্যে দুজন আবার ইনজুরির গ্যাঁড়াকলে পড়েন। কেমার রোচ ৪২তম ওভারে ব্যাটিং পাওয়ার প্লের প্রথম ওভারেই ১৮ রান দিয়ে বসেন। এ ওভারে ম্যাচের দ্বিতীয় বিমার দিলে তাকে আক্রমণ থেকে সরিয়ে নেওয়া হয়। তার বদলে ওভার শেষ করেন উইকেট কিপার ডেভন টমাস। অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে ড্যারেন সামিও বাংলাদেশের টেলএন্ডে সুবিধামতো দাঁত বসানে পারেননি। রেইফার বলেন, "পাঁচ বোলার নিয়ে খেলতে নেমে আমরা বুঝতে পারছিলাম ঝুঁকি নেওয়া হচ্ছে। খেলার গুরুত্বপূর্ণ সময়ে এদের তিনজনকে হারিয়ে ফেলা আমাদের কোনও সাহায্যে আসেনি। তবে আমি বলব আমরা ভালো খেলেছি। এই সিরিজে আমাদের নেওয়ার মতো বহু ইতিবাচক দিক আছে। তাছাড়া দলটিও তরুণ। তাই আমাদের ধৈর্য ধরতে হবে।" শুক্রবার সেন্ট কিটসে সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরে একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর ফুরাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমআই/ ১৬১৯ ঘ.