ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অযথা' টাকা খরচ রোধ করতে বিসিবির সব বিভাগকেই সতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয় মাত্র এক সপ্তাহ আগের এক সভায়।
অথচ বিসিবির কর্মকর্তারাই নিয়ম ভেঙে ওয়েস্ট ইন্ডিজ সফর করছেন। বোর্ডের দুই পরিচালকের সঙ্গে সেখানে যাচ্ছেন দু'জন সাংসদও যারা কিনা ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।
বিসিবির সহ-সভাপতি আহমেদ সাজ্জাদুল আলম ববি এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ গেছেন। শনিবার রাতে যাচ্ছেন বোর্ড পরিচালক মাহমুদ জামাল এবং সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ ও গোলাম এসএম ফারুক খন্দকার। ১০ দিন ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করবেন তারা।
বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত, থাকা-খাওয়া, স্থানীয় পরিবহন ও হাত খরচ (প্রতিদিন ২৫০ মার্কিন ডলার) মিলিয়ে এজন্য বিসিবির ব্যয় হবে প্রায় ৩০ লাখ টাকা।
বিসিবির টাকায় দুই সাংসদের ওয়েস্ট ইন্ডিজ ভ্রমণের কারণ জানতে চাইলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের কাছ থেকে পাওয়া গেছে দুই রকমের ভাষ্য।
ক্রীড়া প্রতিমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"বিশ্বকাপের আগে কমিটির (সংসদীয় স্থায়ী কমিটি) সদস্যরা অভিজ্ঞতা নিতেই ওয়েস্ট ইন্ডিজ
সফর করছেন।"
পরে আবার তিনি বলেন,"কমিটিতে সদস্যরা নতুন আসায় সবারই ইচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে একটু বিদেশ সফর করা। তবে এটা নিয়মিত হবে না। ক্রিকেট বোর্ড ধনী ফেডারেশন। এই ব্যয়টা তাদের জন্য বড় কিছু না। "
মন্ত্রী 'নিয়মিত হবে না' বললেও আগামী মাসে জিম্বাবুয়ে সফরেও অন্য দুই জন সাংসদকে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছে বিসিবি। তাদের সঙ্গে দু'জন বোর্ড পরিচালকও থাকবেন।
এর আগে বিসিবির টাকায় টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রীড়া মন্ত্রী ও তার পিএস এবং ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল যুক্তরাজ্য সফর করেন।
এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন,"উন্নত দেশের ক্রীড়া অবকাঠামো না দেখলে দেশের খেলাধুলায় পরিবর্তন আনবো কিভাবে। যুক্তরাজ্যের মাঠগুলো দেখে আমাদের অভিজ্ঞতা হয়েছে যা কাজে লাগবে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে।"
সাংসদদের ওয়েস্ট ইন্ডিজ সফরের কারণ ব্যাখ্যা করলেও টিম ম্যানেজমেন্টের বাইরে বিসিবির দু'জন কর্মকর্তার সফর বিষয়ে কিছুই জানেন না আহাদ আলী সরকার।
তবে ভবিষ্যতে বিসিবির আয়-ব্যয়ের সব হিসেব সতর্কভাবে খতিয়ে দেখার চিন্তা করছেন ক্রীড়া মন্ত্রী। তার ভাষ্য: "দায়িত্ব নেয়ার পর আমাকে যে যা বোঝাতো তাই মেনে নিতে হতো। এখন সে সময় নেই। এরপর সংসদীয় কমিটির সদস্য কিংবা বিসিবির সদস্যরা অযথা টাকা খরচ করতে পারবেন না। বিষয়গুলো আমি নিজে দেখবো।"
বিসিবির দুই পরিচালক এবং দুই সংসদ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ সফরের কারণ এবং সম্ভাব্য ব্যয়ের অঙ্ক জানতে চাইলে বিসিবি থেকে অপারগতা প্রকাশ করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন সুজন।
তবে নাম প্রকাশ না করার শর্তে বিসিবির দু'জন উর্ধ্বতন কর্মকর্তা বলেন,সংসদীয় কমিটি সভায় সিদ্ধান্ত নিয়ে তাদের সদস্যদের বিদেশ পাঠাতে বাধ্য করছেন।
কর্মকর্তা দু'জনের আশঙ্কা, তাদেরকে বিদেশে না পাঠালে সামনে বিশ্বকাপ নিয়ে বিসিবির অনেক কাজই আটকে যাবে। তারা মন্তব্য করেন, এই সুযোগে বোর্ডের দুই কর্মকর্তাও ওয়েস্ট ইন্ডিজ ভ্রমণে গেলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২২০৮ঘ.
bdnews24