ঢাকা, জুলাই ২৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- কেনিয়া থেকে ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে 'সম্পূর্ণ অপরিণত এবং অন্যায়' বলে অভিহিত করেছে ক্রিকেট কেনিয়া।
জুন মাসের শেষ দিকে আইসিসি সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
যুব বিশ্বকাপ শুরুর মাত্র আট মাস আগে আইসিসির ভেন্যু সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কেনীয় ক্রিকেট বোর্ড মেনে নিতে পারেনি।
বোর্ড এক বিবৃতিতে জানায়, সিদ্ধান্তটি 'অবাস্তব'।
পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা এরই মধ্যে বেশ প্রস্তুতি নিয়ে ফেলেছিল বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, টুর্নামেন্টের জন্য মাঠ সংস্কারে তাদের দেড় লাখ ডলার খরচ হয়ে গেছে। তাই এ ধরনের সিদ্ধান্ত কেনিয়ার ক্রিকেটের জন্য খুবই ক্ষতিকর।
২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসি কেনিয়াকে বাদ দিয়ে নিউজিল্যান্ডকে বেছে নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২০৫৩ ঘ.
bdnews24