লন্ডন, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের লেগ স্পিনার দানিশ কানেরিয়া শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টে অশ্লীল ভাষা ব্যবহার করায় বুধবার তাকে সতর্ক করে দিয়েছে আইসিসি।
সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিন মঙ্গলবার প্রতিপক্ষ শ্রীলঙ্কান ব্যাটসম্যান এঞ্জেলো ম্যাথিউসের উইকেট শিকারের পর কানেরিয়া যে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তা দুই আম্পায়ারই শুনতে পান। শুধু তাই নয়, কানেরিয়ার অশ্লীল ভাষা স্টাম্পে স্থাপিত মাইক্রোফোনেও শোনা যায়।
ম্যাচ রেফরি এলান হার্স্ট এক বিবৃতিতে বলেন, "দানিশ খুব ভালো করেই জানেন যে তিনি যা বলেছেন তা মোটেও গ্রহণযোগ্য নয়। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঘটনার পরপর এবং পরে শুনানির সময় দানিশের ক্ষমা চাওয়ার বিষয়টি আমি বিবেচনায় নিয়েছি।"
"আমি এটাও দেখেছি যে কানেরিয়ার ওই আচরণের লক্ষ্য কোনও ব্যাটসম্যান কিংবা অন্য কেউ ছিল না। তার ওই আচরণে রাগের চেয়ে নিজের প্রতি হতাশাই বেশি ফুটে উঠেছিল," বলেন তিনি।
দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ এরই মধ্যে জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২১০৫ ঘ.
bdnews24