২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের দল থেকে বাদ পড়লেন শোয়েব আখতার

ফিটনেসের অভাবে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজ থেকে বাদ পড়েছেন পাকিস্তানী পেসার শোয়েব আখতার। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

করাচি, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিটনেসের অভাবে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজ থেকে বাদ পড়েছেন পাকিস্তানী পেসার শোয়েব আখতার। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা। এজন্য পাকিস্তানের ১৬ সদস্যের দল ঘোষণা করা হয় বুধবার। এমাসের শেষের দিকে অনুষ্ঠেয় সিরিজে শোয়েব জায়গা না পেলেও আইসিএল খেলা উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান নাজির এবং পেসার রানা নাভেদ ঠিকই ডাক পেয়েছেন। ভারতের বিদ্রোহী লিগ আইসিএল খেলা পাকিস্তানী ক্রিকেটারদের ওপর থেকে গত মাসেই নিষেধাজ্ঞা তুলে নেয় সে দেশের ক্রিকেট বোর্ড। নাজির এবং নাভেদ পাকিস্তানের পক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন ২০০৭ সালে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক নির্বাচক বলেন, "ক্রিকেটারদের ফিটনেস এবং অন্যান্য বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে একদিনের দলে ছয়টি পরিবর্তন আনা হয়েছে।" পাকিস্তান দল বর্তমানে কলম্বোতে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্টটি খেলছে। যদিও তারা এরই মধ্যে সিরিজের প্রথম দুই টেস্ট ০-২-এ হেরে বসে আছে। দল: ইউনিস খান (অধিনায়ক), মিসবাহ-উল-হক, মোহাম্মদ ইউসুফ, নাসির জামশেদ, ইমরান নাজির, শোয়েব মালিক, কামরান আকমল, শহীদ আফ্রিদি, ফাওয়াদ আলম, আব্দুল রাজ্জাক, রাও ইফতেখার, উমর গুল, সৈয়দ আজমল, মোহাম্মদ আমের, উমর আকমল ও রানা নাভেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম