২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনন্দনের পাশাপাশি দায়িত্বের সঙ্গে খেলার পরামর্শ

প্রতীক্ষার প্রহর শেষ হয়েছে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের। দূর দেশ ওয়েস্ট ইন্ডিজে সাফল্য পাওয়ায় উচ্ছসিত সাবেক ক্রিকেটার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই সাফল্য, তাদের অভিনন্দন জানাতে কার্পণ্য করেননি কেউই। সেই সঙ্গে পরের সিরিজগুলোতে আরও দায়িত্বের সঙ্গে খেলার জন্য ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন সাবেকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 04:27 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

সেকান্দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতীক্ষার প্রহর শেষ হয়েছে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের। দূর দেশ ওয়েস্ট ইন্ডিজে সাফল্য পাওয়ায় উচ্ছসিত সাবেক ক্রিকেটার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই সাফল্য, তাদের অভিনন্দন জানাতে কার্পণ্য করেননি কেউই। সেই সঙ্গে পরের সিরিজগুলোতে আরও দায়িত্বের সঙ্গে খেলার জন্য ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন সাবেকরা। বাংলাদেশ আগে হাতের মুঠোয় নিয়েও হেরে যেতো ম্যাচ। কিন্তু এবার দুটো ম্যাচেই পিছিয়ে পড়েও জিতেছে। আর এজন্যই বাংলাদেশ দলের ক্রিকেটারদের কৃতিত্ব দিচ্ছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। "জিততে হলে কিভাবে খেলতে হয় অন্তত সে জায়গায় উন্নতি করেছে ক্রিকেটাররা। এখন এই সাফল্যকে পুঁজি করে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভাল করতে হবে," বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটকমকে বললেন ফারুক আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগেও ভাবা সম্ভব হয়নি টেস্টে এতটা ভাল খেলবে বাংলাদেশ। কিন্তু জাতীয় দলের নির্বাচকদের বিশ্বাস ছিল টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার যন্ত্রনা ভুলতেই ওয়েস্ট ইন্ডিজ সফরে ভাল খেলবেন ক্রিকেটাররা। জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও নির্বাচক নাঈমুর রাহমান দুর্জয় বলেন, "ক্রিকেটারদের মধ্যে 'কমিটমেন্ট' ছিল। বোঝাপড়াটাও ছিল ভাল। যার পথ ধরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্য এসেছে।" পরের দু'টো সিরিজে চাপ না নিয়ে খেললে সাফল্য আসবে। টেস্ট জয়কে প্রেরণা হিসেবে কাজে লাগাতে হবে বলে মনে করেন দুর্জয়। আন্তর্জাতিক ক্রিকেটে নয় বছরের প্রচেষ্টা আর কঠোর পরিশ্রমের পরই জয় পেয়েছে বাংলাদেশ। হাবিবুল বাশারের মতে এটাই হলো ক্রিকেটের উন্নতি। সাবেক এই অধিনায়ক বলেন "এই সিরিজে এক বিভাগ খারাপ করলে অন্য বিভাগ ভাল খেলে পুষিয়ে দিয়েছে। পেসাররা পারেননি, স্পিনার ব্যবহার করে ম্যাচ বের করে এনেছেন তারা। আবার ব্যাটিং-এ টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর মিড্ল অর্ডার ব্যাটসম্যানরা জয় নিশ্চিত করেছেন।" একেই তিনি দেখছেন উন্নতি হিসেবে। বাংলাদেশের এই সাফল্যে উচ্ছসিত হলেও দুর্বলতাগুলোও নাড়া দিয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে। এখনো ব্যাটিংকেই দুর্বল জায়গা মনে করেন তিনি। আর সে জন্যই দলে ব্যাটিং অল-রাউন্ডারের প্রয়োজন বোধ করছেন লিপু। তিনি বলেন, "ব্যাটিং নিয়ে একটু বেশি কাজ করতে হবে। বিশেষ করে, টেস্ট ম্যাচে ধৈর্য্য ধরে ব্যাটিং করার অভ্যাস গড়ে তুলতে হবে। ব্যাটিং-অলরাউন্ডার ছাড়া বড় দৈর্ঘের ক্রিকেটে ধারাবাহিক সাফল্য পাওয়া সম্ভব নয়।" ক্রিকেটাররা হয়তো টেস্ট সিরিজ জয়ের আনন্দে বুদ হয়ে আছেন। চারদিন পরই তাদের এই মোহ থাকবে না। কারণ ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক সিরিজ। প্রতিপক্ষ সেই ওয়েস্ট ইন্ডিজ। ভাল দলের মর্যাদা পেতে সেখানেও পরীক্ষা দিতে হবে সাকিবদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৩১ ঘ.