২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের দ্বিতীয় ভেন্যু ফতুল্লার ওসমানী স্টেডিয়াম

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে ফতুল্লার ওসমানী স্টেডিয়ামকে। রোববার সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান ভেন্যু হিসেবে মীরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামকে আগেই অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 07:18 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে ফতুল্লার ওসমানী স্টেডিয়ামকে। রোববার সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান ভেন্যু হিসেবে মীরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামকে আগেই অনুমোদন দেওয়া হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এখন শুধুমাত্র উদ্বোধনী অনুষ্ঠান হবে। বিসিবি কর্মকর্তাদের অনেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দাবি করলেও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এর পক্ষে ছিলেন না। সংসদীয় কমিটিও ক্রীড়া প্রতিমন্ত্রীর সিদ্ধান্তের সঙ্গে একমত। ক্রীড়া মন্ত্রী চট্টগ্রামে বিশ্বকাপের একটি ম্যাচ আয়োজনের আশ্বাস দিলেও এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার পরই কেবল এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সংসদীয় কমিটির প্রধান জাহিদ আহসান রাসেল। চট্টগ্রামের ভেন্যুর বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিসিবি থেকে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামের নাম দেওয়া হলেও স্থানীয় ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকে এমএ আজিজ স্টেডিয়ামের কথা বলা হচ্ছে। নির্বাচিত ক্রিকেট ভেন্যুগুলোর সংস্কার কাজ শুরু হবে শিগগিরই। এদিকে সংসদীয় কমিটির রোববারের সভায় ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়ান গেমস (সাফ) নিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা হয়। কর্মকর্তারা কমিটিকে জানিয়েছেন, সাফ গেমসের প্রস্তুতি চূড়ান্ত। গেমস আয়োজনে আগামী অক্টোবরের মধ্যে ভেন্যুগুলোর সংস্কার শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫৫ঘ.