২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোচের সামনে দাঁড়াতে পারলো না বাংলাদেশের ব্যাটসম্যানরা

ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কেমার রোচ একাই ৬ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন। বাংলাদেশের ১ম ইনিংস ২৩২ রানে থেমে যায়। ফলে ৫ রানের লিড জোটে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 10:21 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

সেন্ট জর্জ, জুলাই ১৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কেমার রোচ একাই ৬ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন। বাংলাদেশের ১ম ইনিংস ২৩২ রানে থেমে যায়। ফলে ৫ রানের লিড জোটে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের। দ্বিতীয় দিনের শেষ সেশনের শেষদিকে ওপেনারকে ডেল রিচার্ডসের উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ দিন শেষ করে ৫৬ রানে। অর্থাৎ দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে ৬১ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। মূলত স্লো ট্র্যাকে সেন্ট জর্জের স্লো ট্র্যাকে উইন্ডিজ বোলারদের দুরন্ত পেসের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশী ব্যাটসম্যানরা। বিশেষ করে কেমার রোচ ছিলেন দুর্দান্ত। সকাল থেকেই তিনি বাংলাদেশ শিবিরে আতঙ্ক ছড়িয়ে সারা দিনে তুলে নেন ছয় ছয়টি উইকেট। প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ওপেনার তামিম ইকবাল এবং নাইটওয়াচ ম্যান এনামুল জুনিয়র শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু কেমার রোচের এক দারুণ বাউন্সার এনামুলের ব্যাট ছুঁয়ে উইকেট কিপার ওয়ালটনের দারুণ ক্যাচে পরিণত হলে বাংলাদেশ ৫১ রানে ২ উইকেট হারায়। এরপর গত টেস্টের সেঞ্চুরিয়ান তামিম ইকবালকে বিদায় করেন ডেভিড বার্নার্ড। বার্নার্ডের অফস্টাম্প ঘেঁষা দারুণ এক ডেলিভারি তামিমের ব্যাট ছুঁয়ে ওয়ালটনের হাতে জমা পড়ে। বাংলাদেশ ৩ উইকেটে ৭৫ রানে পরিণত হয়। এর সঙ্গে ২ রান যোগ করতেই অস্টিন তার স্পিনে তুলে নেন জুনায়েদ সিদ্দিকীর উইকেটটি। বাংলাদেশ ৭৭ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে। ক্রিজে আসেন মোহাম্মদ আশরাফুল। রাকিবুলকে নিয়ে ইনিংস মেরামত শুরু করতে নামেন। কিন্তু আশরাফুল যথারীতি ব্যর্থ। ৩৫ বল খেলে ১২ রান করে নিজের উইকেটটা রায়ান হাইন্ডসকে উপহার দিয়ে আসেন। রায়ানের একটি অফস্ট্যাম্পের বল অযথা উড়িয়ে মেরে সামির সহজ ক্যাচে পরিণত হন। বাংলাদেশ তখন ১০৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে। ক্রিজে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব আর রাকিব মিলে ইনিংস নতুন করে মেরামত শুরু করেন। লাঞ্চের আগ পর্যন্ত আর কোনও বিপত্তি না ঘটিয়ে তারা লাঞ্চে যায় দলীয় ১৩৪ রানে। কিন্তু লাঞ্চের পর খুব বেশিদূর এগুতে পারেনি এ জুটি। দলীয় ১৫০ রানের মাথায় কেমার রোচ এসে জুটি ভেঙ্গে দেন। দুরন্ত কিছু ডেলিভারিতে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফিফটির কাছাকাছি পৌঁছানো রাকিবুলকে রীতিমতো অস্থির করে তোলে। একটি বল তো লাফিয়ে ওঠে রাকিবুলের কনুইতে আঘাত করে। ওই ওভারেই অফস্টাম্পের বাইরের একটি বলে খোঁচা মেরে আউট হয়ে যান রাকিব(৪৪)। এরপর খুব বেশিক্ষণ ক্রিজে থাকেননি সাকিবও। তিনিও ওই কেমার রোচের একটা শর্ট ডেলিভারিকে অযথা তুলে মারতে গিয়ে অস্টিনের হাতে। বাংলাদেশের স্কোর তখন ৭ উইকেটে ১৫৭। এরপর বাংলাদেশের প্রথম ইনিংস যে অল্প রানেই গুটিয়ে যাবে এতে আর কারও সন্দেহ ছিল না। কিন্তু উইকেট কিপার মুশফিকুর রহীম এবং সফল বোলার মাহমুদ উল্লাহ রিয়াদ মিলে বাংলাদেশের ইনিংসটাকে ২০০ পার করেন। চা বিরতি পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে এ জুটি মূল্যবান ৬২ রান যোগ করে। দারুণ খেলে মুশফিকুর ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরির একেবারে কাছাকাছি চলে যান। কিন্তু চা বিরতির পর হাফ সেঞ্চুরি পূর্ণ করতে চাওয়া মুশফিক রোচের কোপানলে পড়েন। তার পেস তোপে পড়ে রহীমকেও তাই ব্যক্তিগত ৪৮ রানে প্যাভিলিয়নের ফিরতে হয়। দলীয় রান তখন ৮ উইকেটে ২১৯। এরপর শাহাদাতকে নিয়ে লড়াই করতে থাকেন রিয়াদ। কিন্তু শাহাদাত গত টেস্টের মতো এ টেস্টে আর সাপোর্ট দিতে পারেননি। তিনি ব্যক্তিগত শূন্য রানে রোচের পঞ্চম শিকারে পরিণত হন। দলীয় রান তখন ৯ উইকেটে ২২৩। এরপর একাদশতম ব্যাটসম্যান রুবেলকে সঙ্গী করে রিয়াদ প্রায় উইন্ডিজ স্কোর ছুঁয়ে ফেলেছিলেন প্রায়। একটু ধৈর্য ধরে খেলতে দুই এক রানের লিড জুটে যাওয়াও অসম্ভব ছিল না। কিন্তু রুবেলের উপর আস্থা না রেখে রিয়াদ রোচকে মেরে খেলতে গিয়ে অস্টিনের তালুবন্দি হন। দলীয় রান তখন ২৩২। মাত্র ৫ রানের লিড নিয়ে ওয়েস্ট ইন্ডিজ শেষ বিকেলে তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে। বাংলাদেশের দুর্বল পেস আক্রমণকে আক্রমণ করেই খেলতে শুরু করে। ফলে অধিনায়ক সাকিব আল হাসান দ্রুতই স্পিন আক্রমণ চালান। সাকিবের স্পিনেই প্রথম ইনিংসে দুরন্ত খেলা উইন্ডিজ ওপেনার ডেল রিচার্ডস লেগ বিফোরের ফাঁদে পড়ে দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন। দলীয় রান তখন ২০। দ্রুত ফেরানো সম্ভব ছিল গত ইনিংসে ৯৫ রানের মারকাটারি ইনিংস খেলা ডাউলিনকেও। রিয়াদের স্পিনে পরাভূত প্রথম স্লিপে তুলে দেওয়া ডাউলিনের লোপ্পা ক্যাচটি যদি ফেলে না দিতেন জুনায়েদ। প্রাণ ফিরে পাওয়া ডাউলিন(২৩*) তাই আর কোনও বিপত্তি না ঘটিয়ে ফিলিপসকে(১৭*) নিয়ে দিন শেষ করেন দলীয় ৫৬ রানে। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ২৩৭ ও ৫৬/১(ডাউলিন ২৩*, ফিলিপস ১৭*, রিচার্ডস ১২; সাকিব ৪/১) বাংলাদেশ: ১ম ইনিংস ২৩২(তামিম ৩৭, রাকিব ৪৪, মুশফিক ৪৮, রিয়াদ ২৮, সাকিব ১৬, আশরাফুল ১২, ইমরুল ১৪, এনামুল জুনি. ১৩, জুনায়েদ ৭; রোচ ৪৮/৬, সামি ৪৫/১) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম