ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর বাংলাদেশের স্থানীয় আয়োজক কমিটির (এলওসি) সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রিকেট বোর্ডের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী।
বোর্ড পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুলকে আহ্বায়ক ও আহমেদ ইকবাল হাসানকে কোষাধক্ষ্য করা হয়েছে।
শনিবার বিসিবির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ১১ সদস্যের স্থানীয় আয়োজক কমিটির বাকি ৮ জনকে বেছে নেওয়া হবে বিসিবি পরিচালকদের মধ্য থেকে।
সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়, বিশ্বকাপ আয়োজনে কেন্দ্রীয় নিরাপত্তা কমিটিতে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব (রাজনৈতিক)।
নির্বাহী কমিটির অষ্টম সভায় আরও কিছু সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে বার্ষিক আয়ের ২০ শতাংশ গচ্ছিত রাখবে বিসিবি।
এছাড়া লাহোরে শ্রীলংকান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার সময় যেসব পাকিস্তানী নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহয্যে আইসিসিকে পাঁচ হাজার মার্কিন ডলারও দেবে বিসিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২১০ঘ
bdnews24