ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সকালের সেশন দেখেই বোঝা গেছে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনটি পেসারদের। শুক্রবার শেষ বেলায় পেস বোলাররা ঠিকই ব্যাটসম্যানদের ওপর ঝড় বইয়ে দিয়ে তুলে নিয়েছে ১২ উইকেট। এর মধ্যে ১৫৬ রানে আট উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া।
অসিদের পক্ষে ব্যাক্তিগতভাবে সব চেয়ে বেশি রান করেন মাইক হাসি (৫১) ও সিমন ক্যাটিচ (৪৮)। সর্বোচ্চ রানের জুটিও তাদের। তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন এই দু'জন।
এরপর শুধুই ব্যর্থতার গল্প। ইংলিশ পেসার এন্ডারসন, ফ্লিনটফ, ব্রড এবং অনিয়নের দুর্বার গতির বোলিং-এর মুখে একের পর এক উইকেট পড়তে থাকে অস্ট্রেলিয়ার।
অথচ শুরুর বিপর্যয় কাটিয়ে প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও বড় স্কোর গড়ে তোলার ইঙ্গিত দিচ্ছিলো অস্ট্রেলিয়া। কিন্তু তাদের প্রত্যাশার বেলুনে পিন ফোটায় বৃষ্টি। বৃষ্টির আগে ইংলিশ পেসাররা যতটা না আক্রমনাত্মক ছিলেন, বৃষ্টি থামার পর হয়ে ওঠেন ভয়ংকর।
পেস, সুইং-এ নাজেহাল হয়ে ওঠে অসি ব্যাটসম্যানরা। আলোর অভাবে খেলা বন্ধ হওয়ার আগে ক্যাটিচ ও হাসির পর একে একে ফিরে যান ক্লার্ক (১ রান), নর্থ (০), জনসন (৪) ও হাডিন (২৮)।
প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার চার সেঞ্চুরিয়ানের মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কেউই বড় স্কোর করতে পারেননি। ফ্লাড লাইট জ্বলিয়েও যখন আলোর অভাব দেখা দেয়, তখন বরং হাফ ছেড়ে বাচে অস্ট্রেলিয়া। কারণ আর কয়েক ওভার খেলা হলে হয়তো অল-আউট হয়েই দিনের খেলার ইতি টানতে হতো।
অস্ট্রেলিয়ার বিপদের দিনে ১৭ ওভার বল করে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ইংলিশ পেসার এন্ডারসন। ব্রড দখল করেছেন দুই উইকেট।
এর আগে (শুক্রবার সকালে) প্রথম সেশনে অসি বোলারদের আগুন ঝড়ানো বোলিং-এর মুখে ৪২৫ রানেই গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস।
অথচ বৃহস্পতিবার প্রথমদিন ৬ উইকেটে ৩৬৪ রান তুলে স্বস্তিতেই ছিল ইংলিশরা। তারা ভাবতেই পারেনি ইনিংসের শেষটা হবে মূদ্রার উল্টো পিঠের মতো, যদি প্রথমদিনটা হয় আরেক পিঠ।
শেষ চার উইকেটের পতন ঘটে মাত্র ৬১ রানে। অথচ লেজের দিকের ব্যাটসম্যানরাই প্রথম টেস্টে স্মরণীয় হয়ে আছে ইংল্যান্ডের কাছে। শেষ জুটিতে জেমস এন্ডারসন ও মন্টি পানেসার ১১ ওভার তিন বল খেলে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে দেন দলকে।
অথচ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শেষ চার ব্যাটসম্যানের কেউ প্রথম টেস্টের পারফরমেন্স ধরে রাখতে পারেননি। খেলতেই পারেননি ১১ ওভার চার বল। অবশ্য এই ব্যাটসম্যানদের ওপর দায় চাপালে অসি বোলারদের খাটো করে দেখা হবে। প্রথমদিন ইংলিশদের মারমুখো ব্যাটিংয়ের প্রতিশোধ নিয়েছে তারা ভালভাবেই।
প্রথম ওভারের দ্বিতীয় বলেই এন্ড্রু স্ট্রাউসকে সরাসরি বোল্ড করেন হিলফেনহাস। ইংলিশদের রানের লাগাম টেনে ধরতে এই একটি উইকেটই ছিল যথেষ্ট। কারণ অধিনায়ক স্ট্রাউসই সারা মাঠে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিলেন অসিদের। ব্যাক্তিগত ১৬১ রানে তার বিদায়ের পর আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড।
ব্রড ১৬ আর সোয়ান ৪ রানে আউট হলে অসি বোলারদের বেকায়দায় ফেলতে আরেকবার গা-ঝাড়া দেন অ্যান্ডারসন। অবশ্য এ যাত্রায় নিজের উইকেট অক্ষত রাখতে পারেননি লেজের দিকের এই ইংলিশ ব্যাটসম্যান। ২৯ রানে জনসনের বলে ক্যাচ দিয়ে ইনিংসের ইতি টানেন অ্যান্ডারসনই। অপর প্রান্তে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকেন অনিয়ন। তার ব্যাট থেকে আসে ১১।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের রানের গতি আকস্মিকভাবে থেমে গেলেও ৪২৫ রানের গুরুত্ব রয়েছে অন্য কারণে। অধিনায়ক স্ট্রাউস শুধু একটি সেঞ্চুরিই করেননি, পঞ্চম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে লর্ডসে এক হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন।
এই মাঠে টেস্টে তার গড় রান ৬৭ দশমিক ৬৪। গ্রাহাম গুচ, অ্যালেক স্টুয়ার্ট, ডেভিড গোমার ও জিঅফ বয়কটকেও ছাড়িয়ে গেছেন বর্তমান ইংলিশ অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড- ৪২৫ (এন্ড্রু স্ট্রাউস ১৬১, অ্যালিয়েস্টার কুক ৯৫, হিলফেনহাস ১০৩/৪, জনসন ১৩২/৩)
অস্ট্রেলিয়া ১৫৬/৮ ( ক্যাটিচ ৪৮, হাসি ৫১, এন্ডারসন ৩৬/৪)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০১০০ঘ.
bdnews24