ঢাকা, জুলাই ১৬(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/)---প্রথম টেস্টের সকালের সেশনটাই দাগ কেটে আছে ড্যারেন সামির মনে। যেখানে মাত্র ২৪ রান খরচায় বাংলাদেশের শেষ পাঁচ ব্যাটসম্যানকে তুলে নিয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ওই সুখস্মৃতিকে পুঁজি করেই সেন্ট জর্জে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি জিতে নিতে চাইছে স্বাগতিকরা।
মূল দল বিদ্রোহ করায় দ্বিতীয় সারির দল নামিয়ে ক্যারিবিয়ানরা প্রথম টেস্ট হেরে যায় ৯৫ রানে।
মিডিয়াম পেসার ড্যারেন সামি বলেন," আমরা প্রথম টেস্টের পঞ্চম দিন সকালের পুনরাবৃত্তি ঘটাতে পারলে আগামী ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ ওই সকালে আমরা মাত্র এক ঘণ্টায় পাঁচ উইকেট তুলে নিয়েছিলাম।"
স্যামি আরও বলেন,"প্রথম টেস্ট থেকে নেওয়ার মতো আমাদের ইতিবাচক অনেক কিছুই আছে। তাই আমরা শুক্রবার শুরু হওয়া টেস্টে সমতা ফিরিয়ে আনার জন্য সত্যিই তৈরি হয়ে আছি।"
আর্নস ভিলায় প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটিং লাইনে ধস নামে সামির কৃতিত্বেই। তিনি প্রথম টেস্টে ৭০ রানে ৫ উইকেট তুলে নিয়ে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকারের গৌরব দেখান।
বোলিং নিপূণতা নিয়ে সংগ্রাম করা সামি অবশ্য শেষ টেস্টেও একই রকম বোলিং পারফরম্যান্স দেখাতে চাইছেন। তিনি বলেন,"সবাই জানেন আমি কোনও আক্রমণাত্মক বোলার নই যে কিনা ব্যাটসম্যানকে দুম করে আউট করে দেবে। আমি ব্যাটসম্যানের ওপর সব সময় চাপ বাড়াতে চাই এবং উইকেট তুলে নেই। যদি উইকেট নাও পাই, তবে অন্য প্রান্তের বোলাররা উইকেট পেতে সক্ষম হয়। ব্যাপারটা একটা বোলিং পার্টনারশিপের মতো, এতে ব্যাটসম্যানকে সব সময়ই নজরদারিতে রাখা হয়।"
"এই কাজটিই মূলত আমার কাছে চাওয়া হয় এবং আমি তা বেশ স্বস্তির সঙ্গেই করি। আঞ্চলিক ক্রিকেটে একই ভূমিকা আমি উইন্ডওয়ার্ড দ্বীপের হয়ে পালন করেছি।"
শুক্রবার থেকে সেন্ট জর্জে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় টেস্ট। যেখানে বাংলাদেশ বিদেশের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের চেষ্টা চালাবে। আর মূল দলের সঙ্গে সমস্যা সমাধান না হওয়ায় দ্বিতীয় সারির দল নিয়েই সিরিজে সমতা ফেরানোর চেষ্টা করবে উইন্ডিজ বোর্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/১৭৩৮ঘ.
bdnews24