ঢাকা, জুলাই ০৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ৯৭ রানের। চতুর্থ দিনে তারা মাঠে নামে ৮ উইকেট হাতে নিয়ে। কিন্তু মাত্র ৪৭ রান তুলতেই পড়ে যায় সব উইকেট। ১১৭ রানে তারা অলআউট হওয়ায় স্বাগতিক শ্রীলঙ্কার গল টেস্ট জিতে নিয়েছে ৫০ রানে। এর মধ্য দিয়ে তিন টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
৭১/২ রানে চতুর্থ দিন শুরু করা পাকিস্তানি ব্যাটসম্যানরা মঙ্গলবার সকালের শুরুতেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে। হেরাথ এসেই সবকিছু লণ্ডভণ্ড করে দেন। দিনের দ্বিতীয় ওভারেই তিনি তুলে নেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মোহাম্মদ ইউনুসকে, এলবিডাব্লুর ফাঁদে ফেলে। ইউসুফ এদিন দলের জন্য এক রানও যোগ করতে পারেননি। আউট হয়ে যান গত দিনের ১২ রানেই।
একই পরিণতি সালমান বাটেরও (২৮)। তিনিও আর কোনও রান যোগ না করেই হেরাথের বলে পারানাভিতানার তালুবন্দি হয়ে বিদায় হন। দলীয় রান তখন ৭১ থেকে মাত্র ৭২-এ পৌঁছেছে।
এরপর মোটামুটি যাওয়া আসার মধ্যেই ব্যস্ত ছিলেন পাক ব্যাটসম্যানরা। দলীয় ওই ৭২ রানের মাথাতেই থুসারার বলে শোয়েব মালিক শূন্য রানে বিদায় হন উইকেট কিপার দিলশানের হাতে ক্যাচ দিয়ে।
এত অল্প সময়ের মধ্যে তিন তিনটি উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে টেনে তুলতে পারেননি বাকি ব্যাটসম্যানরা।
এরপর কামরান আকমলকে থুসারা এলবিডাব্লুর ফাঁদে ফেললে এবং দিলশান মিসবাহ উল হককে রান আউট করলে পাকিস্তানের শেষ আশাও ফুরিয়ে যায়।
পাক টেল এন্ডারদের ছেঁটে ফেলতে হেরাথ আরও দুটি উইকেট এবং মেন্ডিস ১টি উইকেট কব্জা করেন। ফলে সকালের সেশন শেষ হওয়ার আগেই পাকিস্তান মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায়। ৫০ রানের এক দারুণ জয় কাড়ে স্বাগতিক শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২৯২ এবং ২১৭ (পারানাভিতানা ৪৯, সামারাবীরা ৩৪, দিলশান ২৭; আজমল ৩৪/৩, আমের ৩৮/৩)
পাকিস্তান: ৩৪২ এবং ১১৭ (সালমান ২৮, খুররম ১৫, রউফ ১৩; হেরাথ ১৫/৪, থুসারা ২১/২)
ফলাফল: শ্রীলঙ্কা ৫০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমআই/১৪৪১ ঘ.
bdnews24