কিংস্টন, ২৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিজের প্রথম ম্যাচে ছিল ব্যাটসম্যানদের রাজত্ব। রোববার দ্বিতীয় ম্যাচে দেখা গেল ঠিক উল্টোটা- ওয়েস্ট ইন্ডিজের সিমারদের সামনে অসহায় মনে হলো ভারতের ব্যাটসম্যানদের। দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের মাত্র ১৮৮ রানে অলআউট করে দিয়ে ৮ উইকেটে সহজ জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। সেই সঙ্গে চার ম্যাচের সিরিজে ফিরিয়ে সমতা।
স্যাবাইনা পার্কেই আগের ম্যাচে টস জিতে ৩৩৯ রানের বিশাল সংগ্রহ গড়া ভারত এদিনও টস জিতে নেমেছিল ব্যাটিংয়ে। কিন্তু অনেকদিন পর দলে ফেরা রবি রামপল (৪/৩৭), ডোয়াইন ব্র্যাভো (৩/২৬) আর জেরোম টেলরের (৩/৩৫) মারাত্মক বোলিংয়ে এদিন ৪৮.২ ওভারে অলআউট হওয়ার আগে তারা তুলতে পেরেছে মাত্র ১৮৮ রান। এক পর্যায়ে তো ৮৮ রানেই আট উইকেট হারিয়ে বসেছিল ভারত, নবম উইকেটে আরপি সিংকে (২৩) নিয়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ১০১ রানের জুটি সেখান থেকে টেনে তুলেছে তাদের। ১৩০ বলে দুটি ছক্কা আর ছটি বাউন্ডারির সাহায্যে ম্যাচের সর্বোচ্চ ৯৫ রান করেছেন ধোনি।
বোলারদের গড়ে দেওয়া সুযোগটা দারুণভাবেই কাজে লাগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরাও। দুই ওপেনার ক্রিস গেইল আর রুনাকো মর্টনের ১০১ রানের জুটিতেই আসলে শেষ হয়ে গেছে ম্যাচের লড়াই। মাত্র ৪৬ বলে ৬৪ রান (দুটি ছক্কা, আটটি বাউন্ডারি) করে অধিনায়ক গেইল আউট হলেও মর্টন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮৫ রান করে। আর হরভজন সিংকে ছক্কা মেরে জয়সূচক রানটাও নিয়েছেন তিনিই।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ৪৮.২ ওভারে ১৮৮/১০ (ধোনি ৯৫, যুবরাজ ৩৫, আরপি সিং ২৩, রামপল ৪/৩৭, ডোয়াইন ব্র্যাভো ৩/২৬, টেলর ৩/৩৫)
ওয়েস্ট ইন্ডিজ : ৩৪.১ ওভারে ১৯২/২ (মর্টন ৮৫*, গেইল ৬৪, সারওয়ান ১৫, চন্দরপল ১৮*; রোহিত শর্মা ২/২৭)
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪৪১ ঘ.
bdnews24