করাচি, ২৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অনেকেই পাকিস্তানকে ফেভারিটের মর্যাদা দিতে চায়নি। অথচ সেই পাকিস্তানই এবারের টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন। তাতে কেউ কেউ অবাক হলেও ইউনিস খান নিজে কিন্তু তার দলের সাফল্যে বিস্মিত নন। বরং টোয়েন্টি টোয়েন্টির এই সাফল্য টেস্ট আর ওয়ানডেতেও সঞ্চার করতে উন্মুখ পাকিস্তান অধিনায়ক।
শিরোপা জিতে মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরেছেন ইউনিস। তবে পুরো দল নিয়ে নয়, একা। দলের বাকি সদস্যরা তার আগেই পৌঁছেছেন লাহোরে। করাচি বিমানবন্দরে নেমে ভক্তদের উষ্ণ ভালোবাসায় অভিভূত ইউনিস প্রথমেই জানালেন শিরোপা জয়ের ব্যাপারে তার আত্মবিশ্বাসের কথা, "ম্যাচ জিততে শুরু করে ছন্দের মধ্যে চলে আসার পর আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা শিরোপা জিততে পারবো।"
তারপর বললেন দলকে নিয়ে তার স্বপ্নের কথা, "খেলাটার (ক্রিকেটের) অন্য সংস্করণগুলোতেও আমাদের একই রকম ধারাবাহিকতা ও জয়ের মানসিকতা দেখাতে হবে। আমার স্বপ্ন টেস্ট এবং ওয়ানডেতে পাকিস্তান ক্রিকেটকে শীর্ষাসনে দেখা।"
টুর্নামেন্টটাকে কতটা গুরুত্ব দিয়েছিলেন তাও জানালেন তিনি, "আমার মনে হয়েছিল অধিনায়ক এবং সিনিয়র খেলোয়াড় হিসাবে আমাকে খুবই সিরিয়াস হতে হবে। কারণ টোয়েন্টি টোয়েন্টি হলো খেলাটার অন্যতম জনপ্রিয় সংস্করণ। এর জন্য মাত্র ৪০ ওভার শক্তি খরচের প্রয়োজন হয়।" দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া পাকিস্তানের মানুষকে বিশ্বকাপের শিরোপা উপহার দিতে পেরেও দারুণ খুশি ইউনিস, "এই জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা আমাদের ক্রিকেটকে এমন একটা সময়ে অনুপ্রেরণা যোগাবে যখন বিদেশী দলগুলো পাকিস্তানে না আসায় মানুষ খেলাটার ওপরেই আগ্রহ হারিয়ে ফেলছিল। এই কঠিন সময়ে এমন দুর্দান্ত উপহার আমাদের জাতির প্রাপ্যই।"
ওদিকে লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দরে বিশ্বজয়ী দলকে স্বাগত জানাতে ঢোল আর জাতীয় পতাকা নিয়ে হাজির হওয়া শত-শত ক্রিকেট-ভক্তকে একরাশ হতাশা নিয়ে ঘরে ফিরতে হয়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে বন্দী ক্রিকেটারদের ধারে-কাছেও যেতে পারেননি তারা। ভক্তদের এড়াতে বিমানবন্দরের এক পাশের দরজা দিয়ে বাইরে বেরিয়েছেন ক্রিকেটাররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩৭ঘ.
bdnews24