করাচি, ২২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে এখন সুখের বাতাবরণ। টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নেয়া দলটির সমর্থকদের জন্য সুখবর আছে আরেকটা। টেস্ট দলে ফিরেছেন মোহাম্মদ ইউসুফ। শ্রীলঙ্কা সফরে তিন টেস্টের সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন তিনি।
গত বছর পাকিস্তানের ক্রিকেটাঙ্গনকে বিশাল এক ধাক্কা দিয়ে আইসিএলে যোগ দিয়েছিলেন ইউসুফ। জাতীয় দলের অভিজ্ঞতম ব্যাটসম্যানকে আইসিসি'র অনুমোদন না পাওয়া আইসিএল থেকে ফিরিয়ে আনার কম চেষ্টা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বছর না পারলেও এ বছর তারা সফল। কারণ কিছু দিন আগেই আইসিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ইউসুফ। তাই প্রত্যাশিতভাবেই টেস্ট দলে ফিরিয়ে আনা হয়েছে এক পঞ্জিকাবর্ষে (২০০৬ সালে) রেকর্ড টেস্ট রানের মালিককে।
জাতীয় দলে ফিরতে পেরে ইউসুফ নিজেও দারুণ উচ্ছ্বসিত, "আমার মধ্যে এখনো কয়েক বছর ক্রিকেট অবশিষ্ট আছে। অর্থাৎ আমি আরো কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারবো। তাই আমি চাই দেশের হয়ে আরো অনেক কিছু অর্জন করতে। এই সফরের জন্য আমি কঠোর পরিশ্রম করেছি।"
ইউসুফ ছাড়াও টেস্ট দলে ফিরিয়ে আনা হয়েছে আব্দুল রাজ্জাককে। আইসিএল থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ায় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে তড়িঘড়ি করে নেয়া হয়েছিল তাকে। তার প্রতিদান দিয়ে পুরো টুর্নামেন্টেই ভালো খেলেছেন প্রথম আইসিএল খেলোয়াড় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রাজ্জাক। রোববার ফাইনালে ৩ উইকেট নিয়ে দলের শিরোপা জয়েও রেখেছেন বড় অবদান। তারই পুরস্কার হিসাবে আবার টেস্ট দলে ফিরলেন এই অলরাউন্ডার।
তবে শোয়েব আখতার আবার উপেক্ষিত। ত্বকের সংক্রমণে আক্রান্ত হয়ে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি। সেরে ওঠার পর প্র্যাকটিস শুরু করলেও এবারো জাতীয় দলে সুযোগ পেলেন না 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'। শহীদ আফ্রিদিও নেই এই দলে। পাকিস্তানের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক অবশ্য ১৫ দিনের ছুটি নিয়েছেন। ছুটিশেষেই ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
৩ টেস্ট, ৫ ওয়ানডে ও একটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী শনিবার শ্রীলঙ্কা রওনা হবে পাকিস্তান। গলে প্রথম টেস্ট শুরু হবে ৪ জুলাই থেকে।
পাকিস্তানের টেস্ট দল :
ইউনিস খান (অধিনায়ক), সালমান বাট, খুররাম মঞ্জুর, মোহাম্মদ ইউসুফ, মিসবাহ-উল হক, শোয়েব মালিক, কামরান আকমল (উইকেট রক্ষক), উমর গুল, সাঈদ আজমল, মোহাম্মদ আমির, দানিশ কানেরিয়া, আব্দুল রাজ্জাক, আব্দুল রউফ, ফয়সাল ইকবাল ও ফাওয়াদ আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৪৫ঘ.
bdnews24