২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'চোকার' দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করা, ফেভারিটের মতোই খেলতে থাকা, এবং তারপর একদিন হঠাৎ গুরুত্বপূর্ণ একটা ম্যাচে হোঁচট খেয়ে স্বপ্নভঙ্গ- আন্তর্জাতিক ক্রিকেটে 'চোকার' দক্ষিণ আফ্রিকার গল্পটা বরাবর এ রকমের। সেটা বদলালো না দ্বিতীয় টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপেও। বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তাদের ৭ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গেছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 04:34 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

নটিংহ্যাম, ১৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করা, ফেভারিটের মতোই খেলতে থাকা, এবং তারপর একদিন হঠাৎ গুরুত্বপূর্ণ একটা ম্যাচে হোঁচট খেয়ে স্বপ্নভঙ্গ- আন্তর্জাতিক ক্রিকেটে 'চোকার' দক্ষিণ আফ্রিকার গল্পটা বরাবর এ রকমের। সেটা বদলালো না দ্বিতীয় টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপেও। বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তাদের ৭ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গেছে পাকিস্তান। পাকিস্তানের এই জয়ের নায়ক শহিদ আফ্রিদি। প্রথমে ব্যাট হাতে মাত্র ৩৪ বলে ৫১ রানের ইনিংস খেলার পর বল হাতেও ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে দুটি মূল্যবান উইকেট পেয়েছেন তিনি। জ্যাক ক্যালিসের ৫৪ বলে ৬৪ আর জেপি ডুমিনির ৩৯ বলে অপরাজিত ৪৪ রানের পরও তাই পাকিস্তানের ৪ উইকেটে ১৪৯ রানের জবাবে শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৪২ রানের বেশি তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকানরা। এই টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ খেলতে থাকা দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে এসেছিল টানা পাঁচ ম্যাচ জিতে। আর পাকিস্তান এসেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। আগের পাঁচ ম্যাচে তাদের তিনটি জয়, তার একটি আবার আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই পাকিস্তানকে মাত্র ১৪৯ রানে আটকে রাখার পর জয়ের স্বপ্ন দেখতেই পারতো দক্ষিণ আফ্রিকানরা। উদ্বোধনী জুটিতে ৫.৫ ওভারে ৪০ রানের জুটি গড়ে সেই স্বপ্নটাকে আরো উজ্জ্বল করে তুলেছিলেন ক্যালিস আর অধিনায়ক গ্রায়েম স্মিথ (১০)। মোহাম্মদ আমিরকে ফিরতি ক্যাচ দিয়ে স্মিথের বিদায়ের পর ধীরে ধীরে বদলে যেতে থাকে সবকিছু। বদলের শুরুটা আফ্রিদির হাত ধরেই। পর পর দু ওভারে হার্শেল গিবস (৫) আর এবি ডিভিলিয়ার্সকে (১) ফিরিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ব্যাক ফুটে ঠেলে দিয়েছেন তিনিই। একপ্রান্তে তার লেগস্পিন, আর অন্য প্রান্তে সাইদ আজমলের অফস্পিনে প্রোটিয়াদের রানের চাকা প্রায় অচল করে দিয়ে পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছে। আর একেবারে শেষ দিকে বল হাতে পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের জয়ের নায়ক ওমর গুলও (৩ ওভারে ০/১৯) দারুণ বোলিং করেছেন। উইকেট না পেলেও একের পর এক ইয়র্কার দিয়ে তিনিও রান তোলা কষ্টকর করে তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার জন্য। চতুর্থ উইকেটে ক্যালিস-ডুমিনির ৬১ রানের জুটিটাও তাই কোনো কাজে আসেনি, উল্টো পরের ব্যাটসম্যানদের আরো বেশি চাপে ঠেলে দিয়েছেন তারা! আফ্রিদি অবশ্য আরো বড় স্কোরের স্বপ্নই দেখাচ্ছিলেন পাকিস্তানকে। ত্রয়োদশ ওভারের প্রথম বলে জেপি ডুমিনিকে সুইপ করতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়ে যখন তিনি বিদায় নেন, তখন পাকিস্তানের স্কোর ছিল ৯৫। কিন্তু ৭ উইকেট হাতে নিয়ে, আব্দুর রাজ্জাক আর ইউনিস খানের মতো ব্যাটসম্যান ক্রিজে থাকতেও শেষ ৮ ওভারে মাত্র ৫৪ রান তুলতে পেরেছে তারা। টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানকে দ্বিতীয় ওভারেই একটা ধাক্কা দিয়েছিলেন ওয়েইন পারনেল, ওপেনার শাহজেব হাসানকে (০) মিড অনে রোয়েলফ ফনডারমার্ভের দারুণ এক ক্যাচের সাহায্যে। কিন্তু ৮ রানে প্রথম উইকেট হারানোর সেই ধাক্কা খুব একটা বোঝা যায়নি কামরান আকমলের ১২ বলে ২৩ রানের কল্যাণে। দলের ২৮ রানে আউট হওয়ার আগে চারটি বাউন্ডারি আর একটি ছক্কা মেরেছেন তিনি। এরপরই শুরু আফ্রিদির ওই ঝড়। তৃতীয় উইকেটে শোয়েব মালিককে সঙ্গে নিয়ে ৬৭ রানের জুটি গড়েছেন তিনি, তাতে মালিকের অবদান মোটে ১৮। ইয়োহান বোথার একই ওভারে পর পর চার বলে চারটিসহ মোট আটটি বাউন্ডারি ছিল তার ইনিংসে। মালিক অবশ্য ৩৪ রান করতে খেলে ফেলেছেন ৩৯ বল, আর রাজ্জাকের ব্যাটেও ঝড় ছিল না মোটেই। ১৫ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন তিনি। অধিনায়ক ইউনিস শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৪ রান নিয়ে, ১৮ বলের ইনিংসে একবারই মাত্র বলকে সীমানার বাইরে পাঠাতে পেরেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার পক্ষে একটি করে উইকেট পেয়েছেন ডেল স্টেইন, পারনেল, ফনডার মার্ভ আর ডুমিনি। সংক্ষিপ্ত স্কোর পাকিস্তান : ২০ ওভারে ১৪৯/৪ (আকমল ২৩, শাহজেব ০, আফ্রিদি ৫১, মালিক ৩৪, ইউনিস ২৪*, রাজ্জাক ১২*; স্টেইন ১/২৮, পারনেল , ফনডার মার্ভ ১/২৯, ডুমিনি ১/১৪) দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ১৪২/৫ (ক্যালিস ৬৪, স্মিথ ১০, গিবস ৫, ডিভিলিয়ার্স ১, ডুমিনি ৪২*, অ্যালবি মরকেল ২, বাউচার ০*; আমির ১/২৮, আফ্রিদি ২/১৬, আজমল ১/২৩) ফল : পাকিস্তান ৭ রানে জয়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০০০৯ ঘ.