২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার লন্ডনের ওভালে বৃষ্টি বিঘ্নিত সুপার এইট পর্বের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ উইকেটে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 04:28 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

লন্ডন, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার লন্ডনের ওভালে বৃষ্টি বিঘ্নিত সুপার এইট পর্বের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ উইকেটে হারিয়েছে তারা। টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের জন্য নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬১ রান তুলেছিল। কিন্তু নির্ধারিত সময়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরু হতে না পারায় তাদের টার্গেট নির্ধারিত হয় ৯ ওভারে ৮০ রান। এক পর্যায়ে ৪৫ রানে ৫ উইকেট হারালেও ষষ্ঠ উইকেটে রামনরেশ সারওয়ান আর শিবনারায়ন চন্দরপলের অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটিতে ৪ বল হাতে রেখেই সেই স্কোরে পৌঁছে যায় তারা। তিনটি বাউন্ডারিসহ মাত্র ৯ বলে ১৯ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন সারওয়ান, চন্দরপলের ১০ বলে অপরাজিত ১৭ রানের ইনিংসে ছিল একটি বাউন্ডারি। এছাড়া ডোয়াইন ব্র্যাভো ১৮ (১৩ বল, একটি ছক্কা ও একটি বাউন্ডারি) এবং অধিনায়ক ক্রিস গেইল ১৫ (৮ বল, তিনটি বাউন্ডারি) রান করেছেন। ইংল্যান্ডের পক্ষে বোলিং করা পাঁচ বোলার জিমি অ্যান্ডারসন, রায়ান সাইডবটম, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান আর আদিল রশিদ প্রত্যেকে পেয়েছেন একটি করে উইকেট। এই জয়ে 'ই' গ্র"প থেকে আগেই সেমিফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকার সঙ্গী হলো ক্রিস গেইলের দল। আগের দিন বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের পর এই ম্যাচটি এক অর্থে পরিণত হয়েছে কোয়ার্টার ফাইনালে। বিজয়ীরাই 'ই' গ্র"প থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যোগ দেবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার লুক রাইটকে (৬) হারালেও দ্বিতীয় উইকেটে রবি বোপারা আর কেভিন পিটারসেনের ৫৬ রানের জুটিতে ইংল্যান্ডের শুরুটা ভালোই হয়েছিল। অষ্টম ওভারে লেন্ডল সিমন্সকে সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে আন্দ্রে ফ্লেচারের হাতে ধরা পড়ে বিদায়ের আগে মাত্র ১৯ বলে ৩১ রান করেছেন পিটারসেন। বোপারা অবশ্য টিকে ছিলেন ষোড়শ ওভার পর্যন্ত, ক্রিস গেইলের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ার আগে ৪৭ বলে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেছেন তিনি। কিন্তু তার বিদায়ের আগেই ইংল্যান্ডের রানের চাকাকে বেঁধে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। ১২তম ওভারে ওয়েইজ শাহ'র (১৮) বিদায়ের পর শেষ ওভারের আগে আর কোনো বাউন্ডারির দেখা পায়নি স্বাগতিকরা। শেষ দুই বলে একটি বাউন্ডারি আর একটি ছক্কা মেরে সেই খরা কাটিয়েছেন স্টুয়ার্ট ব্রড (১০*)। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪ ওভারে ৩০ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন ডোয়াইন ব্র্যাভো। একটি করে উইকেট পেয়েছেন সুলেমান বেন, ক্রিস গেইল, লেন্ডল সিমন্স এবং কিরন পোলার্ড। এই ম্যাচের জন্য প্রথম একাদশে একটি করে পরিবর্তন এনেছে দুদলই। ওয়েস্ট ইন্ডিজ এনেছে বাধ্য হয়ে, পিঠে চোট পেয়ে খেলতে পারছেন না ফাস্ট বোলার ফিডেল এডওয়ার্ডস তাই তার পরিবর্তে নেওয়া হয়েছে ড্যারেন স্যামিকে। আর ইংল্যান্ড অনেকটা বিস্ময়করভাবেই অলরাউন্ডার দিমিত্রি ম্যাসকারেনহাসকে বাদ দিয়ে ফিরিয়ে এনেছে স্পিনার আদিল রশিদকে। সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড : ২০ ওভারে ১৬১/৬ (বোপারা ৫৫, পিটারসেন ৩১, শাহ ১৮, ফস্টার ১৩, কলিংউড ১১, ব্রড ১০*, সোয়ান ১০; ব্র্যাভো ২/৩১, বেন ১/৩১, সিমন্স ১/১৪, পোলার্ড ১/১০, গেইল ১/২৬) ওয়েস্ট ইন্ডিজ (টার্গেট ৯ ওভারে ৮০) : ৮.৪ ওভারে ৮২/৫ (সারওয়ান ১৯*, চন্দরপল ১৭*, ব্র্যাভো ১৮, গেইল ১৫; অ্যান্ডারসন ১/১৯, সাইডবটম ১/১৫, ব্রড ১/২০, সোয়ান ১/১৬, রশিদ ১/১১) ফল : ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০১৩০ ঘ.