লন্ডন, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানকে ২০০৭এর ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় করে ক্রিকেট-বিশ্বকে চমকে দিয়েছিল আয়ারল্যান্ড। সোমবার আইরিশরা কিন্তু দাঁড়াতেই পারেনি পাকিস্তানের সামনে। ৩৯ রানে জিতে সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার পাশাপাশি টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও উঠে গেছে ইউনিস খানের দল।
ওভালে ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা প্রতিপক্ষের দুর্দান্ত বোলিং আক্রমণকে চ্যালেঞ্জই জানাতে পারেননি। অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড (৪০) ও কেভিন ও'ব্রায়েন (২৬) ছাড়া বাকি সবাই ব্যর্থ। ১৯ রানে ৪ উইকেট নিয়ে অফস্পিনার সাঈদ আজমল পাকিস্তানের সেরা বোলার। আগের ম্যাচে আন্তর্জাতিক টোয়েন্টি টোয়েন্টিতে প্রথম ৫ উইকেট নেয়া উমর গুলের ১৯ রানের বিনিময়েই শিকার ২ উইকেট।
এর আগে ওপেনার কামরান আকমলের ফিফটির সুবাদে ৫ উইকেটে ১৫৯ রান করেছে টসজয়ী পাকিস্তান। ৫১ বলে ৫ বাউন্ডারি ও এক ছক্কায় ৫৭ রান এসেছে আকমলের ব্যাট থেকে। তার সঙ্গে শহীদ আফ্রিদি (২৪), শাহজেব হাসান (২৩) ও মিসবাহ-উল হকের (২০) অবদানে দেড়শ' পেরিয়েছে পাকিস্তানের সংগ্রহ।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ২০ ওভারে ১৫৯/৫ (আকমল ৫৭, আফ্রিদি ২৪, শাহজেব ২৩, মিসবাহ ২০; ম্যাককালান ২/২৬)
আয়ারল্যান্ড : ২০ ওভারে ১২০/৯ (পোর্টারফিল্ড ৪০, কেভিন ২৬; আজমল ৪/১৯, গুল ২/১৯)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৪৬ঘ.
bdnews24