লন্ডন, ১৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারছে না ভারত। রোববার লর্ডসে এই টুর্নামেন্টের সুপার এইট পর্বের ম্যাচে তাদের ৩ রানে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের তোলা ৭ উইকেটে ১৫৩ রান তাড়া করতে নেমে ভারত শেষ পর্যন্ত তুলতে পেরেছে ৫ উইকেটে ১৫০ রান।
আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিল ভারতের, আর রোববারের ম্যাচে টানা দ্বিতীয় হার নিশ্চিত করে দিয়েছে তাদের বিদায়। অন্য দিকে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়া ইংল্যান্ড এই জয় দিয়ে বাঁচিয়ে রেখেছে সেমিফাইনালে ওঠার আশা, আর এই ম্যাচের ফল মাঠে না নেমেই দক্ষিণ আফ্রিকাকে পৌঁছে দিয়েছে শেষ চারে। সুপার এইট পর্বের 'ই' গ্র"পের চার দলের দুটি করে ম্যাচ শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৪ পয়েন্ট, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিকদের ২, আর ভারতের শূন্য। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচে নির্ধারিত হবে এই গ্র"প থেকে শেষ চারে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হবে কারা।
বাঁচা-মরার লড়াই হয়ে ওঠা শ্বাসরুদ্ধকর এই ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৯ রানের। তখনো ক্রিজে ছিলেন দুই হার্ডহিটার মহেন্দ্র সিং ধোনি আর ইউসুফ পাঠান, তাই আশাও ছিল। চতুর্থ বলে একটি ছক্কা মেরে সেই আশাকে খানিকটা উস্কে দিয়েছিলেন পাঠান, কিন্তু পরের বলে তিনি মাত্র এক রান নিতে পারায় এক বল আগেই আসলে শেষ হয়ে যায় ভারতের স্বপ্ন। কারণ শেষ বলে প্রয়োজন ছিল ৮ রানের, রায়ান সাইডবটমকে বাউন্ডারি মেরেও ভারত-অধিনায়ক ধোনি কেবল ব্যবধানটাই কমাতে পেরেছেন।
ভারতকে জয়ের স্বপ্নটা কিন্তু দেখিয়েছে এই দুজনের ৬৩ রানের হার না মানা জুটিই। চতুর্দশ ওভারের শেষ বলে যুবরাজ সিংয়ের ৯ বলে ১৭ রানের ইনিংসটা শেষ হওয়ার পর তারা যখন জুটি বাঁধেন, তখন ৩৬ বলে ভারতের চাই ৬৭ রান মানে ওভার পিছু ১০.৭ রান করে। ধোনির ২০ বলে ৩০ আর পাঠানের ১৭ বলে ৩৩ রানে ভর করে সেই কাজটাও 'প্রায়' করে ফেলেছিল চ্যাম্পিয়নরা।
ধোনি-পাঠানদের জন্য কাজটা কঠিন করে তুলেছিল আসলে ইংলিশদের পরিকল্পিত বোলিং। একের পর এক শর্টপিচ বাউন্সার দিয়ে ভারতের শুরুর দিকে ব্যাটসম্যানদের বেঁধে রেখেছিলেন তারা। পথটা দেখিয়েছেন ৩১ রানে দুই উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা রায়ান সাইডবটম। আর সেই পথে হেঁটে লুক রাইটের মতো মিডিয়াম পেসারকেও দেখা গেছে সফলভাবেই বাউন্সার-কৌশলের ব্যবহার করতে। সেই কৌশলের সবচেয়ে বড় শিকার রবীন্দ্র জাদেজা- বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ২৫ রান করেও যিনি হয়ে উঠেছেন খলনায়ক। কারণ, ওই ২৫ রান করতে ৩৫ বল খেলে ফেলেছেন এই তরুণ! তার সঙ্গে তৃতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়া গৌতম গম্ভীর ২৬ বলে ২৬ রান করেছেন, কিন্তু ওই ৩৮ রান করতে তারা সাতটি ওভার নষ্ট করে চাপে ফেলে দিয়েছেন পরের ব্যাটসম্যানদের।
বিকেলে শুরুটা তুলনামূলক ভালো হয়েছিল ইংল্যান্ডেরই। ম্যাচের দ্বিতীয় ওভারেই ওপেনার লুক রাইটকে হারালেও দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে রবি বোপারা আর কেভিন পিটারসেন দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিলেন ভারত-অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কপালে। তবে এই ম্যাচেই দলে ফেরা রবীন্দ্র জাদেজা দূর করেছেন সেই দুশ্চিন্তা। বাঁহাতি স্পিনের ফাঁদে ফেলে পর পর দু ওভারে বোপারা আর পিটারসেন দুজনকেই ফিরিয়েছেন এই তরুণ। একটি ছক্কা আর তিনটি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ৩৭ রান করা বোপারাকে বোল্ড করার পর ব্যাট হাতে স্বভাবসূলভ ঝড় তোলা পিটারসেনকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ভারতকে ম্যাচে ফিরিয়েছেন জাদেজা। ২৭ বলে ৪৬ রানের ইনিংসে একটি ছক্কার সঙ্গে পাঁচটি বাউন্ডারি মেরেছেন পিটারসেন।
এরপর ইংল্যান্ডকে বেঁধে রেখেছে হরভজন সিংয়ের দারুণ বোলিং। চার ওভারে ৩০ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন 'ভাজ্জি', তার মধ্যে দশ রান এসেছে শেষ দু ওভারে দুটি ওয়াইড বল বাউন্ডারি পেরিয়ে যাওয়ায়। জাদেজা চার ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট।
এই ম্যাচের জন্য প্রথম একাদশে দুটি পরিবর্তন করেছে ভারত, বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝার জায়গায় এসেছেন মিডিয়াম পেসার আর পি সিং। আর অলরাউন্ডার ইরফান পাঠানের জায়গায় ফিরিয়ে আনা হয়েছে জাদেজাকে ।
একই পথে হেঁটেছে ইংল্যান্ডও- স্পিনার আদিল রশিদকে বাদ দিয়ে স্বাগতিকরাও প্রথম একাদশে ফিরিয়েছে পেসার রায়ান সাইডবটমকে।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ২০ ওভারে ১৫৩/৭ (বোপারা ৩৭, রাইট ১, পিটারসেন ৪৬, ম্যাসকারেনহাস ২৫*, শাহ ১২, কলিংউড ৭, ফস্টার ৬, সোয়ান ০, ব্রড ৩*; হরভজন ৩/৩০, জাদেজা ২/২৬, আরপি সিং ১/১৩, জহির ১/২৬)।
ভারত : ২০ ওভারে ১৫০/৫ (গম্ভীর ২৫, রোহিত ৫, রায়না ২, জাদেজা ২৫, যুবরাজ ১৭, ধোনি ৩০*, ইউসুফ ৩৩*; সোয়ান ২/২৮, সাইডবটম ২/৩১, ম্যাসকারেনহাস ১/৯)।
ফল : ইংল্যান্ড ৩ রানে জয়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২৩০ ঘ.
bdnews24