নটিংহ্যাম, ১০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্র"প পর্বের সর্বশেষ ম্যাচটি জিতে নিয়েছে ভারত। বুধবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে বৃষ্টির কারণে প্রায় এক ঘন্টা দেরিতে শুরু হওয়া এই ম্যাচে আয়ারল্যান্ডকে অনায়াসে ৮ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
টস হেরে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নির্ধারিত ১৮ ওভারে তুলেছিল ৮ উইকেটে ১১২ রান। গৌতম গম্ভীর আর রোহিত শর্মার দারুণ ব্যাটিংয়ে ১৫ বল হাতে রেখেই সেই স্কোর টপকে যায় ভারত। উদ্বোধনী জুটিতে ৭৭ রান তুলে নেওয়ার পর গম্ভীর বিদায় নিলেও রোহিত শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫২ রান করে। ৪৫ বলের হার না মানা ইনিংসে একটি ছক্কা আর চারটি বাউন্ডারি মেরেছেন তিনি। আর গম্ভীরের ৩১ বলের ইনিংসটা সাজানো ছিল তিনটি বাউন্ডারি আর একটি ছক্কায়।
আইরিশদের ইনিংসটা যে ভাবে শুরু হয়েছিল তাতে একশ পেরোনোর স্বপ্ন দেখাও কঠিন বলেই মনে হচ্ছিল। জহির খানের দুর্দান্ত এক স্পেলে ১৭ রানেই তিন উইকেট হারিয়ে বসেছিল তারা। এরপর প্রজ্ঞান ওঝা তার প্রথম বলেই উইকেট তুলে নিলে স্কোরটা দাঁড়ায় ২৮/৪। জন মুনি (১৯), গ্যারি উইলসন (১৯) আর অ্যান্ড্রু হোয়াইটের (২৫ বলে ২৯) ব্যাটে ভর করে সেখান থেকে ঘুরে দাঁড়ায় তারা। তবে আইরিশদের তিন অঙ্কের স্কোর এনে দিয়েছে আসলে শেষ দু ওভারে অ্যালেক্স কুসাক (১২) আর কাইল ম্যাকমিলানের (৯) সত্যিকারের টোয়েন্টি-টোয়েন্টিসূলভ ব্যাটিং। ১৭তম ওভারে হোয়াইটের বিদায়ের পর তারা দুজন মিলে শেষ ১০ বলে তুলে নিয়েছেন ২০ রান।
'এ' গ্র"প থেকে বাংলাদেশকে হারিয়ে এই দুদলই উঠে গেছে সুপার এইটে। গ্র"প পর্বের পয়েন্ট সুপারএইটে যোগ হবে না বলে এই ম্যাচটি এখন কেবলই আনুষ্ঠানিকতা, যাতে নির্ধারিত হবে গ্র"পের শীর্ষস্থান।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড : ১৮ ওভারে ১১২/৮ (হোয়াইট ২৯, মুনি ১৯, উইলসন ১৯, কুসাক ১২*; জহির ৪/১৯, ওঝা ২/১৮, হরভজন ১/২৫)
ভারত : ১৫.২ ওভারে ১১৩/২ (রোহিত ৫২*, গম্ভীর ৩৭, ধোনি ১৪; ওয়েস্ট ১/২৩, ম্যাককালান ১/২৫)
ফল : ভারত ৮ উইকেটে জয়ী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২৩০ ঘ.
bdnews24