নটিংহ্যাম, ৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যাচটাকে বলা হচ্ছিল বাংলাদেশের বাঁচা-মরার লড়াই। সেই লড়াইয়ে 'মৃত্যু'ই হলো আশরাফুলের দলের। সোমবার আয়ারল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের গ্র"প পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। ১৩৮ রানের লক্ষ্যে ১০ বল হাতে রেখে সহজেই পৌঁছে গেছে আইরিশরা।
১৩৭ রান টোয়েন্টি টোয়েন্টিতে তেমন ভালো পুঁজি নয়। তবে মামুলি পুঁজি নিয়েও লড়াই করার ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের নতুন বলের দুই বোলার। বিশেষ করে মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে জ্বলে ওঠা মাশরাফিই ব্রেক থ্রু এনে দিয়েছেন দলকে। নিজের এবং আয়ারল্যান্ডেরও প্রথম ওভারে মাত্র ১ রান দিয়েছেন 'নড়াইল এক্সপ্রেস'। রুবেল ৩ রান দেয়ার পর মাশরাফির দ্বিতীয় ওভারেই জেরেমি ব্রে (২) আউট। ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া ক্যাচটা ধরতে কোনো সমস্যাই হয়নি রকিবুলের।
কিন্তু মাশরাফির সেই আনন্দ ম্লান হয়ে যেতেও সময় লাগেনি। বাংলাদেশ ইনিংসের সময় পায়ের পেশিতে টান পড়েছিল নিয়াল ও'ব্রায়েনের। তবে সেটাকে পাত্তা না দিয়ে মাশরাফির তৃতীয় ওভারে তিন ছক্কাসহ ১৯ রান তুলে নিয়েছেন আয়ারল্যান্ডের উইকেট কিপার।
রানার নিয়ে খেলা এই নিয়ালই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন আশরাফুলের দলের জন্য। শেষ পর্যন্ত তাকে ফিরিয়েছেন সাকিব, লংঅফে রুবেলের ক্যাচ বানিয়ে। কিন্তু তার আগে ২৫ বলে ৩টি করে বাউন্ডারি ও ছক্কায় ৪০ রান করে আইরিশ শিবিরে অনেকখানি স্বস্তি ফিরিয়ে এনেছেন নিয়াল।
আব্দুর রাজ্জাক অবশ্য তাদের স্বস্তিতে থাকতে দেননি। বোলিং অ্যাকশন শুধরে প্রায় ৭ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দ্বিতীয় বলেই উইকেট নিয়েছেন তিনি, প্রতিপক্ষ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের (২৩) রিটার্ন ক্যাচ নিয়ে।
পরের উইকেটটা অধিনায়ক-সহ অধিনায়ক কম্বিনেশনে। গ্যারি উইলসনকে (১০) কাভারে আশরাফুলের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখানোর নায়ক সেই মাশরাফি। কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করেছেন নিয়ালের ছোট ভাই কেভিন ও'ব্রায়েন। ষোড়শ ওভারে রাজ্জাককে ছক্কা, রুবেলের করা পরের ওভারে দুটো বাউন্ডারিসহ ১৩ রান --- কেভিনের ঝড়ো ব্যাটিংই আসলে শেষ করে দিয়েছে বাংলাদেশের সব আশা। মাত্র ১৭ বলে ২ ছক্কা ও ৪ বাউন্ডারিসহ ৩৯ রানে অপরাজিত থেকে 'জুনিয়র' ও'ব্রায়েনই জয় এনে দিয়েছেন আইরিশদের।
বাংলাদেশের পরাজয়ের সবচেয়ে বড় কারণ অবশ্যই ব্যাটিং ব্যর্থতা। তবে উইকেট কিপার মুশফিকুর রহিমের দোষ তাতে ঢাকা পড়ছে না। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে যুবরাজ সিংকে তিনি স্টাম্পিং করতে পারেননি। সে সময় মাত্র ২ রানে থাকা যুবরাজই পরে ঝড়ো ইনিংস খেলে ভারতের জয়ের অন্যতম নায়ক। আয়ারল্যান্ডের সঙ্গেও মুশফিকুর একই অপরাধে অপরাধী। মাহমুদুল্লাহর বলে তিনি জন মুনির সহজ স্টাম্পিং মিস না করলে বাংলাদেশ হয়তো ঘুরে দাঁড়াতেও পারতো এই ম্যাচে। ৩ রানে 'জীবন' ফিরে পাওয়া মুনি ১৭ রানে অপরাজিত থেকে দারুণ সাহায্য করেছেন দলকে লক্ষ্যে পৌঁছে দিতে।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত, বয়েড র্যাংকিনের করা ম্যাচের প্রথম ওভারেই ১০ রান তুলে নিয়ে। কিন্তু ট্রেন্ট জনস্টনের পরের ওভারেই আকাশে ক্যাচ তুলে দিয়েছেন জুনায়েদ সিদ্দিকী। ৫ বলে তিন বাউন্ডারিসহ ১৩ রান করেছেন তিনি। সেই ওভারে যেতে পারতেন মোহাম্মদ আশরাফুলও। কিন্তু স্লিপে তার সহজ ক্যাচ ফেলে দেন কেভিন ও'ব্রায়েন।
র্যাংকিনের পরের ওভারে একটি করে ছক্কা ও বাউন্ডারি মেরে আশরাফুল ইঙ্গিত দিচ্ছিলেন বড় কিছু করার। তবে অধিনায়ক বাংলাদেশের মানুষের আশা পূরণে আবারো ব্যর্থ। জনস্টনকেই ঠিক আগের মতো গ্লাইড করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন আশরাফুল (১০ বলে ১৪)। এবার আর কোনো ভুল করেননি কেভিন।
ব্যর্থ সাকিবও (৭)। ওয়ানডের সেরা অলরাউন্ডার সেই জনস্টনকেই তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন লংঅনে। এরপর আইরিশদের 'শিকার' তামিম। ২৮ বলে ২২ রান করে আশার প্রতীক হয়ে থাকলেও তাকে ফিরতে হয়েছে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে।
পরের ওভারে মাহমুদুল্লাহও (৭) আউট। মিডিয়াম পেসার অ্যালেক্স কুসাকের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েছেন তিনি। বাংলাদেশের স্কোর তখন ৫ উইকেটে ৬৬ রান। সংগ্রহটা ৯০ রানে যাওয়ার পর আবার ধাক্কা। রকিবুল হাসান ধীরে-সুস্থে খেলে দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ১৩ রান করে অফস্পিনার কাইল ম্যাককালানের বলে বোল্ড হয়ে গেছেন তিনি।
রকিবুলের সঙ্গে ২৪ রানের জুটি গড়া মুশফিকুর রহিম তার পরের ওভারেই আউট। রেগান ওয়েস্টকে তুলে মারতে গিয়ে লংঅফে ধরা পড়েছেন ১৪ রান করা বাংলাদেশ উইকেট কিপার। ৭ উইকেটে ৯৪ থেকে স্কোরটা ১১৭ রানে যাওয়ার পর র্যাংকিনের বলে বোল্ড হয়ে গেছেন নাঈম (৬)। সেটা ১৯তম ওভারের শেষ বলের ঘটনা।
বাংলাদেশের ইনিংসের সেরা ওভার ২০তম অর্থাৎ শেষ ওভারেই। মাশরাফি যার রূপকার। কুসাককে দুটো ছক্কা মেরে সেই ওভারে ২০টি মূল্যবান রান এনে দিয়েছেন তিনি। ১৬ বলে দুই ছক্কা ও এক বাউন্ডারিতে অপরাজিত ৩৩ রান --- সহ-অধিনায়কই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান।
কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ভারতের সঙ্গে প্রথম ম্যাচের পর আয়ারল্যান্ডের কাছেও হেরে শূন্যহাতেই টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো আশরাফুলের দলকে। দুই বছর আগে ওয়ানডে বিশ্বকাপেও আইরিশদের কাছে হেরে ভারত-দক্ষিণ আফ্রিকার সঙ্গে জয়ের আনন্দ ম্লান হয়ে গিয়েছিল বাংলাদেশের। এবার সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছিল তাদের সামনে। সেটা তো হলোই না বরং গ্র"পের দুটো ম্যাচেই হেরে বাংলাদেশ এখন দ্বিতীয় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের শুধুই দর্শক!
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ২০ ওভারে ১৩৭/৮ (তামিম ২২, জুনায়েদ ১৩, আশরাফুল ১৪, সাকিব ৭, মাহমুদুল্লাহ ৭, রকিবুল ১৩, মুশফিকুর ১৪, মাশরাফি ৩৩*, নাঈম ৭, রাজ্জাক ০*, অতিরিক্ত ৭; জনস্টন ৩/২০, ম্যাককালান ১/১৭, ওয়েস্ট ১/২৫, র্যাংকিন ১/৩৬, কুসাক ১/৩৮)
আয়ারল্যান্ড : ১৮.২ ওভারে ১৩৮/৪ (ব্রে ২, পোর্টারফিল্ড ২৩, নিয়াল ৪০, উইলসন ১০, মুনি ১৭*, কেভিন ৩৯*, অতিরিক্ত ৭; মাশরাফি ২/৩০, রাজ্জাক ১/১৮, সাকিব ১/২৩, নাঈম ০/৯, মাহমুদুল্লাহ ০/২৩, রুবেল ০/৩১)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২২০ঘ.
bdnews24