লন্ডন, ৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫০ বলে ৮৮ রান, ছক্কা ৬টা, বাউন্ডারিও ৬টা --- রীতিমতো এক 'ঝড়' বয়ে গেছে কেনিংটন ওভালে। ক্রিস গেইল নামের যে ঝড়ে অস্ট্রেলিয়া একেবারে লন্ডভন্ড, বিধ্বস্ত! শনিবার এবারেরর টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের 'গ্র"প অব ডেঞ্জার' বা মরণফাঁদ পরিচিতি পাওয়া 'সি' গ্র"পে ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলীয়রা। ১৭০ রানের বেশ কঠিন টার্গেট হলেও অধিনায়ক গেইলের ঐ বিধ্বংসী ইনিংস ২৫ বল আগেই ৭ উইকেটের জয় এনে দিয়েছে ক্যারিবীয়দের।
গেইলের এমন রুদ্রমূর্তি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কিছু নয়। কিন্তু এর আগে মাত্র দুটো টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলা আন্দ্রে ফ্লেচারও কম যাননি। অধিনায়কের সঙ্গে উদ্বোধনী জুটিতে মাত্র ১১ ওভার ৩ বলে ১৩৩ রানের জুটি গড়েছেন তিনি। মাইকেল হাসির ব্যর্থতায় একবার 'জীবন' পাওয়া ফ্লেচার আউট হয়েছেন ৫৩ রান করে। ৩২ বলের ইনিংসটা সাজানো ৭ বাউন্ডারি ও এক ছক্কায়।
তবে ওয়েস্ট ইন্ডিজের জয়ের প্রধান নায়ক অবশ্যই গেইল। তার তান্ডবে স্রেফ উড়ে গেছেন অস্ট্রেলিয়ার বোলাররা। বিশেষ করে ব্রেট লি। বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলারের এক ওভারে তিন ছক্কাসহ ২৭ রান তুলে নেয়া গেইলের সামনেই আসলে আত্মসমর্পণ করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। শেষ পর্যন্ত ঐ লিকেই উড়িয়ে মারতে গিয়ে আকাশে ক্যাচ তুলে দিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক। কিন্তু তখন উইন্ডিজের জয়ের আনুষ্ঠানিকতাই শুধু বাকি।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ছিল এক কথায় জঘন্য। জেরম টেলরের করা ইনিংসের তৃতীয় বলেই শেন ওয়াটসন (০) ক্যাচ দিয়েছেন রামনরেশ সারওয়ানকে। এরপর টানা দুটো ওয়াইড দিলেও সেই ক্ষতি পুষিয়ে দিয়েছেন টেলর, রিকি পন্টিংকে (০) এলবিডব্লুর ফাঁদে ফেলে। অস্ট্রেলিয়া তখন ২ উইকেটে ৩ রান নিয়ে ভীষণ অস্বস্তিতে। অস্বস্তিটা আরো বেড়ে গেছে চতুর্থ ওভারে এসে। ফিদেল এডওয়ার্ডস মাইকেল ক্লার্ককে (২) সুলেইমান বেনের ক্যাচ বানিয়ে ওয়ানডে বিশ্বকাপের হ্যাটট্রিক-চ্যাম্পিয়নদের পরিণত করেছেন ৩ উইকেটে ১৫ রানে।
তবে ডেভিড ওয়ার্নার এমন বিপদের সামনে দাঁড়িয়েও ঘাবড়ে যাননি। আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরই অভিষিক্ত হওয়া বাঁহাতি ওপেনারের ৬ বাউন্ডারি ও এক ছক্কায় সাজানো ৫৩ বলে ৬৩ রানের জন্যই ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলীয়রা। ব্র্যাড হ্যাডিনের (১৯ বলে ২৪) সঙ্গে তার ৬৬ রানের জুটি সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছে পন্টিংয়ের দলকে। ওয়ার্নার-হ্যাডিন ফিরে যাওয়ার পর দুই ভাই ডেভিড হাসি (১৬ বলে ২৭) ও মাইকেল হাসির (১৫ বলে অপরাজিত ২৮) সৌজন্যে লড়াই করার মতো সংগ্রহও গড়তে পেরেছে তারা। তবে সেজন্য ক্যারিবীয় ফিল্ডারদের কাছে কৃতজ্ঞ থাকতেই হবে অস্ট্রেলিয়াকে। ঠিক আগের ম্যাচে স্কটিশদের মতোই মিসফিল্ডিং আর ক্যাচ মিসের মহড়া দিয়ে প্রতিপক্ষকে ভালো স্কোর গড়তে দারুণ সাহায্য করেছে গেইলের দল!
কিন্তু গেইলের কারণেই সেই 'ভালো স্কোর' যথেষ্ট বলে প্রমাণিত হয়নি অস্ট্রেলিয়ার জন্য।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ২০ ওভারে ১৬৯/৭ (ওয়ার্নার ৬৩, মাইকেল হাসি ২৮*, ডেভিড হাসি ২৭, হ্যাডিন ২৪; ব্রাভো ২/৩১, টেলর ২/৩৩, এডওয়ার্ডস ২/৩৪)
ওয়েস্ট ইন্ডিজ : ১৫.৫ ওভারে ১৭২/৩ (গেইল ৮৮, ফ্লেচার ৫৩; জনসন ২/৩৬)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২৪১ঘ.
bdnews24