ঢাকা, ৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দিন-দুয়েক আগে ভারতের ৭৯ জন ক্রিকেটারের ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইসিএল) সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলার পার্শ্বপ্রতিক্রিয়া বাংলাদেশেও। প্রতিবেশী দেশের ক্রিকেটারদের মতো শাহরিয়ার নাফীসরাও এখন আইসিএল ছাড়ার মিছিলে সামিল। বুধবার নিজের বাসায় জনা-সাতেক ক্রিকেটারকে নিয়ে বৈঠকের পর নাফীস বলেছিলেন, "আমরা ইতিবাচক সিদ্ধান্তই নিতে যাচ্ছি।" এবং বৃহষ্পতিবার থেকেই আইসিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার তৎপরতা শুরু হয়ে গেছে তাদের।
এদিন জাতীয় দলের সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম ও বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল তাদের অবস্থান আইসিএল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একইসঙ্গে জানিয়ে দিয়েছেন। বিসিবি'র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, "মঞ্জুরুল এবং রুবেল আইসিএলকে যে ই-মেইলটি করেছেন, সেটির অনুলিপি বিসিবিকেও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। আর শাহরিয়ার নাফীস ফোনে জানিয়েছেন, তিনিও বিসিবিকে ই-মেইলের অনুলিপি দেবেন।" রাতে এই বাঁ হাতি ওপেনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে নিশ্চিত করেছেন, "আমি ইতিমধ্যেই আইসিএল-কে করা ই-মেইল বিসিবিকেও 'সিসি' করেছি। আশা করছি, আজ রাতের মধ্যে বাকী সবাইও তাই করবে।"
অর্থাৎ হাবিবুল বাশারের পথ ধরে বাকী ১৩ জন ক্রিকেটারও ১৫ জুনের আগেই আইসিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলছেন। ভারতের ৭৯ জন ক্রিকেটারের আইসিএল ছেড়ে আসাই তাদের সিদ্ধান্তের প্রভাবক বলে জানিয়েছেন মঞ্জুরুল, "আমরা আইসিএলের কাছে অনাপত্তিপত্র (এনওসি- নো অবজেকশন সার্টিফিকেট) চেয়েছি। ভারতের ৭৯ জন ক্রিকেটারের বের হয়ে আসাকে আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়েছি।" সেই সঙ্গে তিনি আরো যোগ করেছেন, "আইসিএলের সঙ্গে তিন বছরের চুক্তি করার সময় ভেবেছিলাম কোনো না কোনো সময় আইসিসির সঙ্গে তাদের সমঝোতা হয়েই যাবে। কিন্তু এখন তো আর সেই সম্ভাবনা নেই। তাই বিসিবির দেওয়া সুযোগ কাজে লাগানোকেই সবচেয়ে ভালো মনে হয়েছে।"
তাছাড়া আইসিএল নিয়ে অনিশ্চয়তাকেও বড় করে দেখেছেন কেউ কেউ। এই যেমন অলক কাপালি, "আইসিএল আদৌ আর হবে কিনা, এটাও তো ভাবতে হবে। আইসিএল ছাড়া অন্য কোথাও তো আমরা খেলতেও পারতাম না। এটাই না হলে নিজেদের ক্রিকেটার সত্ত্বা টিকিয়ে রাখাও কঠিন হয়ে পড়বে। বলতে পারেন অনিশ্চয়তা থেকেই আমি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া বোর্ডও খুব আন্তরিক। ইংল্যান্ড যাওয়ার আগে লিপু ভাই (গাজী আশরাফ লিপু) ফোনে আমাকে সুবিধা-অসুবিধা দেখার আশ্বাসও দিয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২১১২ ঘ.
bdnews24