করাচি, ২৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া পাকিস্তান ক্রিকেটের জন্য দারুণ সুসংবাদ। মোহাম্মদ ইউসুফ ও আব্দুল রাজ্জাকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিএল থেকে দুজনেই সরে দাঁড়ানোয় এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অর্থাৎ জাতীয় দলে ফিরতে আর কোনো বাধা নেই ইউসুফ আর রাজ্জাকের।
"তাদের পদত্যাগ আইসিএল মেনে নিয়েছে। এখন থেকে পাকিস্তান দল নির্বাচনের সময় দুজন খেলোয়াড়কেই বিবেচনা করা হবে"--- শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে পিসিবি।
৭৯টি টেস্ট ও ২৬৯টি ওয়ানডে খেলা ইউসুফ এই মুহূর্তে পাকিস্তানের অভিজ্ঞতম ব্যাটসম্যান। গত বছর আইসিএলে যোগ দেয়ার পর থেকেই তাকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছে পিসিবি। ক্যারিবীয় গ্রেট ভিভ রিচার্ডসকে (১৭১০) পেছনে ফেলে ২০০৬এ টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে রেকর্ড ১৭৮৮ রান করা ইউসুফ নিজেও জাতীয় দলের বন্ধ দুয়ার খুলে যাওয়ায় দারুণ খুশি, "বোর্ডের কাছ থেকে খবরটা পেয়ে দারুণ স্বস্তি পাচ্ছি। কারণ আবার স্বদেশের পক্ষে খেলার জন্য আমি মুখিয়ে আছি। আশা করি পাকিস্তানের পক্ষে খেলতে আগ্রহী আইসিএলের অন্য খেলোয়াড়দেরও একইভাবে বিবেচনা করবে বোর্ড।"
২০০৭ সালে উদ্বোধনী আসরের সময় পাকিস্তানের ১৯ জন ক্রিকেটার যোগ দিয়েছিলেন আইসিএলে। তাদের মধ্যে এক জন রাজ্জাক। ৪৬টি টেস্ট ও ২৩৯টি ওয়ানডে খেলা এই অলরাউন্ডারও পিসিবি'র সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, "আমি মনে করি আমরা যখন আইসিএলে যোগ দিয়েছিলাম তখনকার পরিস্থিতি ছিল ভিন্ন। তারা (আইসিএল কর্তৃপক্ষ) আমাদের ভালোভাবেই স্বাগত জানিয়েছিল। কিন্তু এখন আমি আবার দেশের হয়ে খেলতে চাই। এবং ফিরতে চাই আন্তর্জাতিক ক্রিকেটে।"
আইসিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য ৩১ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে পিসিবি। তারা জানিয়ে দিয়েছে এই সময়ের মধ্যে আইসিএল থেকে সরে দাঁড়ানো ক্রিকেটারদের জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯১৯ঘ.
bdnews24