২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপ ম্যাচ চায় বিসিবি!

বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে ফুটবল-ক্রিকেটের পুরনো শত্র"তার দিন অচিরেই আবার ফিরে আসছে। এই মাঠে ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ আয়োজনের দাবি কেউ কেউ তুলেছেন, তবে সেটা হালে পানি পাবে বলে মনে হচ্ছিল না। কারণ খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার কিছুদিন আগে জানিয়ে দিয়েছেন এখানে শুধু উদ্বোধনী অনুষ্ঠানই হবে। কিন্তু রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরী সভায় সব হিসাব উল্টে যাওয়ার মতোই এক সিদ্ধান্ত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপের কয়েকটা ম্যাচ আয়োজনের প্রস্তাবও সরকারকে দেওয়া হবে বলে একমত হয়েছেন সবাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 04:29 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, ২৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে ফুটবল-ক্রিকেটের পুরনো শত্র"তার দিন অচিরেই আবার ফিরে আসছে। এই মাঠে ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ আয়োজনের দাবি কেউ কেউ তুলেছেন, তবে সেটা হালে পানি পাবে বলে মনে হচ্ছিল না। কারণ খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার কিছুদিন আগে জানিয়ে দিয়েছেন এখানে শুধু উদ্বোধনী অনুষ্ঠানই হবে। কিন্তু রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরী সভায় সব হিসাব উল্টে যাওয়ার মতোই এক সিদ্ধান্ত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপের কয়েকটা ম্যাচ আয়োজনের প্রস্তাবও সরকারকে দেওয়া হবে বলে একমত হয়েছেন সবাই। ২০১১ এর বিশ্বকাপই ছিল জরুরী সভার আলোচ্য। সেই সভাশেষে বিসিবি'র পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, "আজকের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে দুয়েকটা ম্যাচও বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজনের অনুরোধ জানানো হবে ক্রীড়া প্রতিমন্ত্রীকে।" আগের সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন, "অনেকের তরফ থেকেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের দাবি আছে। বিশেষ করে ঢাকার বেশিরভাগ ক্লাবই এখানে ম্যাচ আয়োজনের পক্ষপাতী। তাছাড়া এই স্টেডিয়ামের সঙ্গে আমাদের ক্রিকেট ইতিহাসও জড়িয়ে। অনেক ঐতিহাসিক ম্যাচের স্বাক্ষী এই স্টেডিয়াম। এখানে মিনি বিশ্বকাপ হয়েছে। বাংলাদেশের অভিষেক টেস্টের ভেন্যুও এটা। অথচ আসল আয়োজন বিশ্বকাপের সময় এখানে কোনো ম্যাচ হবে না, এটা ভালো দেখায় না। বলতে পারেন এখানে ম্যাচ আয়োজনের চিন্তার সঙ্গে আবেগগত একটা ব্যাপারও জড়িয়ে আছে।" চট্টগ্রামেও বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দাবির সঙ্গেও এদিন একমত হয়েছেন বোর্ড পরিচালকরা। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন জালাল ইউনুস, "আইসিসি'র কাছ থেকে দুটো মূল ভেন্যুর অনুমোদন আছে আমাদের। চট্টগ্রামে ম্যাচ আয়োজন করতে হলে সেখানেও একটা মূল ভেন্যু রাখতে হবে। চট্টগ্রামে তৃতীয় মূল ভেন্যু করার জন্য আইসিসিকে অনুরোধ জানাবো আমরা।" বিসিবি'র একজন পরিচালককে লোকাল অর্গানাইজিং কমিটি'র (এলওসি) প্রধান করারও সিদ্ধান্ত হয়েছে জরুরী সভায়। আগামী বোর্ড সভার পর জানা যাবে কে হচ্ছেন এলওসি'র প্রধান। গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি'র পুরনো অফিসে বসবে এলওসি'র কার্যালয়। ২০১১ সালের ১১ ফেব্র"য়ারি থেকে অংশগ্রহণকারী দেশের ক্রিকেটাররা বাংলাদেশে আসতে শুরু করবেন বলে জানানো হয়েছে এই সভায়। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ১০ মিলিয়ন ইউএস ডলারের (৭০ কোটি টাকা) বাজেটও এদিনের সভায় বোর্ডকে অবহিত করা হয়েছে। জালাল ইউনুস জানিয়েছেন, ২৭ মে মুম্বাইতে অনুষ্ঠেয় বিশ্বকাপের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির (সিওসি) সভায় এই বাজেট পেশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/ ১০৩৫ ঘ.