করাচি, ২১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের বিশ্বকাপ দলে তার নাম ছিল। কিন্তু শেষ পর্যন্ত টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না ফাস্ট বোলার শোয়েব আখতারের। ত্বকের অসুখে আক্রান্ত হওয়ায় আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন। তিনি বলেন, "পিসিবির মেডিকেল বোর্ড শোয়েবকে পরীক্ষা করে দেখেছে, এবং তাকে ১০-১২ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে নির্বাচকরা তার বদলি হিসেবে নতুন একজন খেলোয়াড় নেওয়ার জন্য আবেদন করেছেন।"
সেই বদলি খেলোয়াড় কে হচ্ছেন তা অবশ্য প্রকাশ করা হয়নি, তবে আরেক ফাস্ট বোলার রাও ইফতিখার আঞ্জুমের সুযোগটা পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে পিসিবির একটি সূত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২৩০ .
bdnews24