২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের চিন্তা-চেতনা জুড়ে ৬ জুনের ম্যাচ!

ছোট দল জিম্বাবুয়ের বিপক্ষে খেলে ওয়ানডে অভিষেক হয়েছিল তামিম ইকবালের। তবে তার ক্যারিয়ারের প্রথম 'বড় ম্যাচ'-এর প্রতিপক্ষ ভারত। এবং সেই ম্যাচে তামিমের ব্যাটেই বেজেছিল ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের প্রথম পর্ব থেকে ভারতের বিদায়ঘন্টা। ইংল্যান্ডে অনুষ্ঠেয় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই ভারতই যখন আবার বাংলাদেশের সামনে, তখন ওরকম আরেকটি কীর্তির প্রত্যাশায় একটুও বিচলিত নন তামিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 04:46 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, ১৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ছোট দল জিম্বাবুয়ের বিপক্ষে খেলে ওয়ানডে অভিষেক হয়েছিল তামিম ইকবালের। তবে তার ক্যারিয়ারের প্রথম 'বড় ম্যাচ'-এর প্রতিপক্ষ ভারত। এবং সেই ম্যাচে তামিমের ব্যাটেই বেজেছিল ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের প্রথম পর্ব থেকে ভারতের বিদায়ঘন্টা। ইংল্যান্ডে অনুষ্ঠেয় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই ভারতই যখন আবার বাংলাদেশের সামনে, তখন ওরকম আরেকটি কীর্তির প্রত্যাশায় একটুও বিচলিত নন তামিম। অথচ আধুনিক ক্রিকেটে একেকজন ক্রিকেটারের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে এমনই কাটাছেঁড়া চলে যে, সাফল্য পাওয়াটা ভীষণ কঠিন। তারওপর ২০০৭-এ তামিম ভারতীয় দলের কাছে একদম অজানা-অচেনা ক্রিকেটার ছিলেন। কিন্তু এখন? মাঠে নামার আগে তাকে আতশী কাঁচের নিচে ফেলে চুলচেরা বিশ্লেষণ করেই নামবে মহেন্দ্র সিং ধোনির দল। নাহ, এতো কিছু বলেও তামিমের 'ভারতবধ' পুনরাবৃত্তির স্বপ্নে বাদ সাধা গেল না, "আমার ক্যারিয়ারের প্রথম বড় আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলাম ভারতের সঙ্গে। মানছি, সেসময় তামিমকে কেউ চিনতো না। কিন্তু তামিমও তো তখন জহির খানকে চিনতো না। এখন সে-ও জহির খানকে খুব ভালো করেই চেনে।" অনেকটা ফাস্ট বোলারের বাউন্সারে হুক করার মতো জবাব! যে জবাবের পর মঙ্গলবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে মৃদু হাততালিও পেলেন তামিম। এদিন প্রধান কোচ জেমি সিডন্সসহ বাংলাদেশ দলের সব ক্রিকেটারকে মিডিয়ার মুখোমুখি করা হয়েছিল। যারা ২৩ মে ইংল্যান্ড রওনা হওয়ার আগে তাদের স্বপ্ন এবং লক্ষ্যের কথা বলেছেন। আর এই প্রশ্নোত্তর পর্বের সবচেয়ে উপভোগ্য অংশ অবশ্যই তামিমের ভারতকেন্দ্রিক বাক্যালাপ। তবে শুধু তামিম নন, গোটা বাংলাদেশ দলকেই মনে হল ভারতকে হারানোর জন্য মুখিয়ে আছে! ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারিয়ে সুপার এইটে যাওয়ার পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তখনকার এক নম্বর দল দক্ষিণ আফ্রিকাকে হারানোর সাফল্যের পাশে আয়ারল্যান্ডের কাছে হারের লজ্জাও ছিল। এবার টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে 'এ' গ্র"পে বাংলাদেশ ও ভারতের সঙ্গী সেই আয়ারল্যান্ড। আর ইংলিশ কন্ডিশন যেহেতু মোহাম্মদ আশরাফুলদের চেয়ে আইরিশদেরই ভালো চেনা, তাই পা হড়কানোর একটা আশঙ্কা থেকেই যায়। যদিও ভারতের কাছে হেরে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও সুপার এইটে যাবে বাংলাদেশ। কিন্তু এ ধরনের সমীকরণ কিংবা আইরিশদের কাছে হারের আশঙ্কা, কিছুতেই টলানো গেল না সাকিব আল হাসানকে। তার কথা সোজা-সাপটা, "আমাদের প্রথম টার্গেট দ্বিতীয় রাউন্ডে যাওয়া। আমরা এখন প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারতকে নিয়েই কেবল ভাবছি । ওই ম্যাচের ফল আমাদের পক্ষে এসে গেলে আয়ারল্যান্ডকে নিয়ে আর চিন্তাও করতে হবে না।" আইপিএলের কল্যাণে টোয়েন্টি টোয়েন্টিতে ভারতের শক্তি ক্রমেই বাড়ছে, সেটা মেনে নিয়েও মুশফিকুর রহিম বললেন, "সন্দেহ নেই টোয়েন্টি টোয়েন্টির সবচেয়ে কঠিন দল এখন ভারত। তাছাড়া ওরা গতবারের চ্যাম্পিয়নও। তারপরও আমি বলবো, আমাদের কথা ওদের মাথায় রাখতে হবে। কারণ ২০০৭ বিশ্বকাপে আমরা ওদের হারিয়েছিলাম।" শিষ্যদের কথার প্রতিধ্বনি কোচ জেমি সিডন্সের কন্ঠেও, "টোয়েন্টি টোয়েন্টিতে যেকোনো সময় আপনি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে পারেন। তবে আমাদের সুপার এইটে যাওয়া উচিত বলেই মনে হয় আমার। সেজন্য আয়ারল্যান্ড ম্যাচের অপেক্ষায় না থেকে প্রথম ম্যাচে ভারতকে হারানোর আশা করছি। ৬ জুনের ম্যাচটা আমরা জিততে চাই।" সেই সঙ্গে এই অস্ট্রেলিয়ান আরো যোগ করেছেন, "সুপার এইটে যাওয়ার পর আমরা 'জায়ান্ট কিলার' হিসেবে আবির্ভূত হতে চাই। তবে তার আগে প্রথম ম্যাচে ভারতকে হারাতে হবে আমাদের। জানি কঠিন কাজ, তবু এটাই আমাদের মূল লক্ষ্য।" কাজেও এই লক্ষ্যে অবিচল থাকলেই হয়! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০১৩ঘ.