ডারহাম, ইংল্যান্ড, ১৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১১ বছর পর মাত্রই মাস চারেক আগে ভিভ রিচার্ডস ট্রফিটা পুনরুদ্ধার করেছিল ওয়েস্ট ইন্ডিজ। চার মাসের মাথায় সেটা আবার ফিরে যাচ্ছে ইংল্যান্ডে। ডারহাম টেস্টে সফরকারীদের ইনিংস ও ৮৩ রানে হারিয়ে অ্যান্ড্রু স্ট্রাউসের দল সোমবার ফিরে পেয়েছে তাদের হারানো মুকুট, শুধু তা-ই নয়, দুই টেস্টের এই সিরিজে ওয়েস্ট ইন্ডিয়ানদের হোয়াইট ওয়াশই করেছে তারা।
সিরিজ জয়টা অবশ্য এক রকম নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। সেটা ঠেকাতে এই টেস্টে জিততে হতো ওয়েস্ট ইন্ডিজকে, আর টানা দ্বিতীয় ম্যাচেই ফলো অনে পড়ার পর চতুর্থ দিনশেষে ৩ উইকেটে ১১৫ রান তোলার পর শেষ দিনে জয় পাওয়াটা প্রায় অসম্ভবেরই শামিল। সম্ভাবনা ছিল এটুকুই, কোনো রকমে এই টেস্টে হার এড়িয়ে যদি কিছুটা মান বাঁচানো যায়।
সে জন্য শিবনারায়ণ চন্দরপলের ব্যাটের দিকেই তাকিয়ে ছিল তারা। তবে ১৮ রান নিয়ে দিন শুরু করা এই বাঁহাতির ব্যাটে লড়াইয়ের আভাসও ছিল। কিন্তু অন্য প্রান্তে কেউ-ই যে তাকে সঙ্গ দিতে পারেননি। দিনের প্রথম সেশনেই আরো চারটি উইকেট হারিয়ে বসার পর লাঞ্চ থেকে ফিরে আর লড়াই করার জোশটাও পাচ্ছিলেন না চন্দরপল। ৪৭ রান করে তিনি আউট হওয়ার পর দ্বিতীয় সেশনের তিন ওভারের মধ্যেই তাই শেষ হয়ে গেছে সবকিছু। ১৭৬ রানে শেষ হয়ে গেছে ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস। ইংল্যান্ডের পক্ষে ৩৮ রানে চার উইকেট নিয়েছেন জিমি অ্যান্ডারসন, টিম ব্রেসনান পেয়েছেন ৪৫ রানে তিন উইকেট আর ৪৬ রানে দুই উইকেট নিয়েছেন গ্রাহাম অনিয়ন্স। কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ানরা আসলে নিজেরাই ডেকে এনেছে নিজেদের সর্বনাশ।
এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৬ উইকেটে ৫৬৯ রানে ইনিংস ঘোষণার জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে গিয়েছিল ৩১০ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯১৭ ঘ.
bdnews24