২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসিকে উকিল নোটিশ পাঠালো পিসিবি

বিশ্বকাপের স্বাগতিক হওয়ার অধিকার কেড়ে নেওয়ায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) উকিল নোটিশ পাঠিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি। আইসিসি ওই সিদ্ধান্ত নেওয়ার তিন সপ্তাহ পর শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট জানিয়েছেন এই খবর। পিসিবির ভাষায়, আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সিদ্ধান্তটি শুধু অন্যায়ই নয়, তা যেভাবে নেওয়া হয়েছে সেটা আইনসম্মত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 11:14 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

করাচি, ১০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপের স্বাগতিক হওয়ার অধিকার কেড়ে নেওয়ায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) উকিল নোটিশ পাঠিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি। আইসিসি ওই সিদ্ধান্ত নেওয়ার তিন সপ্তাহ পর শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট জানিয়েছেন এই খবর। পিসিবির ভাষায়, আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সিদ্ধান্তটি শুধু অন্যায়ই নয়, তা যেভাবে নেওয়া হয়েছে সেটা আইনসম্মত হয়নি। উপমহাদেশে অনুষ্ঠেয় আগামী ২০১১ সালের বিশ্বকাপের অন্যতম আয়োজক হওয়ার কথা ছিল পাকিস্তানেরও। কিন্তু গত ১৭ ও ১৮ এপ্রিল দুবাইতে অনুষ্ঠিত আইসিসির সভায় নিরাপত্তাহীনতার অভিযোগে পাকিস্তান থেকে ফাইনালসহ বিশ্বকাপের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভার পর পিসিবি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি এতদিন, তিন সপ্তাহ পর শনিবারই প্রথম মুখ খুলেছে তারা। পিসিবির আইন উপদেষ্টা মার্ক গে ও তাফাজ্জল রিজভির মারফতে আইসিসির সভাপতি ডেভিড মরগ্যানকে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানকে কোনো রকম নোটিশ না দিয়েই কেড়ে নেওয়া হয়েছে তাদের বিশ্বকাপ আয়োজনের অধিকার। আইসিসির যে সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, তার আলোচ্যসূচিতেও এই বিষয়টি ছিল না। ফলে, সিদ্ধান্তটি আইনসম্মত হয়নি। আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী এই বিষয়টি ক্রিকেটের বিশ্বসংস্থার 'ডিসপুট রিজোলিউশন কমিটি'তে পাঠানোর দাবি জানিয়েছে পিসিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৭০২ ঘ.