২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল ক্রিকেটারদের সাধারণ ক্ষমা ঘোষণা করলো বিসিবিও

ভারতীয় ক্রিকেট বোর্ডের পথেই হাটলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। শনিবার পরিচালনা পর্ষদের সভায় তারা আইসিএলে যোগ দেওয়া বিদ্রোহী ক্রিকেটারদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য প্রতিবেশী দেশের বোর্ডের মতো তারাও কিছু শর্ত জুড়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 11:43 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, ৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় ক্রিকেট বোর্ডের পথেই হাটলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। শনিবার পরিচালনা পর্ষদের সভায় তারা আইসিএলে যোগ দেওয়া বিদ্রোহী ক্রিকেটারদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য প্রতিবেশী দেশের বোর্ডের মতো তারাও কিছু শর্ত জুড়ে দিয়েছে। আগামী ১৫ জুনের মধ্যে আইসিএলের সঙ্গে চুক্তি বাতিল করে হাবিবুল বাশারদের বিসিবির কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করতে হবে। তাহলে তারা তৎক্ষনাৎ ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পাবেন বলে বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে জাতীয় দলের জন্য বিবেচনায় আসতে হলে তাদের অপেক্ষাটা ভারতের আইসিএল ক্রিকেটারদের মতো দীর্ঘ হবে না। ভারতীয় বোর্ড জানিয়ে দিয়েছে, এজন্য ক্রিকেটারদের এক বছর অপেক্ষায় থাকতে হবে। তবে বাংলাদেশের আইসিএল ক্রিকেটারদের জন্য 'কুলিং পিরিয়ড' মাত্র সাড়ে ছয় মাসের। আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে তারা জাতীয় দলের জন্য বিবেচিত হবেন বলে জানিয়েছেন জালাল ইউনুস। এদিনের সভায় ২০১১ বিশ্বকাপের ভেন্যুও চূড়ান্ত হয়েছে। মূল ভেন্যু করা হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামকে। আর বিকল্প ভেন্যু চট্টগ্রাম ও খুলনা। উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু হিসেবে তো আগেই বঙ্গবন্ধু স্টেডিয়াম চূড়ান্ত হয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/ ১৭৫০ঘ.