ঢাকা, ৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আগেরদিন এনামুল হক বিজয়ের ব্যাটিং জিতিয়েছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে। হার দিয়ে সিরিজ শুরুর পর তার ৮০ রানের ইনিংসে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা। এবার সৈকত আলীর ব্যাটিংয়ে শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দলকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়েও গেছে তারা। মঙ্গলবার যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারীদের ৩০ রানে হারানোয় বোলার সাব্বির আহমেদেরও দারুণ অবদান।
টস জিতে স্বাগতিকরা ব্যাটিংয়ে নামার পর রানগতিকে বেশ সচল রাখছিলেন সৈকত আলী। মাত্র ৪১ বলে ফিফটি করা এই ওপেনার শেষপর্যন্ত ঝড়ো ব্যাটিংই করে গেছেন। না হলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করাটা ছিল কেবলই সময়ের ব্যাপার। মাত্র ৭৫ বলে ৮৮ রান করার পথে নয়টি চার ও তিনটি ছক্কা হাকিয়েছেন তিনি। এরপর তাসামুল হকের ৪২ রানে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫১ রানের বড় সংগ্রহই দাঁড় করায় বাংলাদেশ। জবাব দিতে নামা শ্রীলঙ্কা অধিনায়ক দীনেশ চান্দিমাল (৮৫ বলে ৮৬) ও কুশল পেরেরার (৪৬) ব্যাটিংয়ে জয়ের স্বপ্নই দেখছিল। দু'জনকেই ফেরানো সাব্বির আহমেদ ৩৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার। তবে ৮৮ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরা হয়েছেন সৈকতই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০৫ঘ.
bdnews24