ঢাকা, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সকাল ১০টায় শুরু ম্যাচে ব্যাট করতে নামার সময় জানতেন না যে কী দারুণ এক খবর অপেক্ষা করে আছে তার জন্য। খবরটা শোনার আগেই পিসিএলে (পোর্ট সিটি লিগ) পাইরেটস অফ চিটাগাং-এর বিপক্ষে মাত্র ৪৯ বলে ৭১ রানের এক ঝড় তুলে ফেলেন শামসুর রহমান শুভ। সুবাদে ম্যাচ সেরার স্বীকৃতি পাওয়া শুভ'র দল ইস্পাহানীও জিতেছে ৫০ রানে। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়ার আনন্দ উদযাপন তো একেই বলে। যেটা একদমই উদযাপন করতে পারেননি মোহাম্মদ মিথুন।
পিসিএলে তার দল চট্টগ্রাম মোহামেডানের সেমিফাইনাল স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে টানা দ্বিতীয় হারে। উদ্বোধনী ম্যাচে টপ স্পোর্টসের কাছে হারের পর এবার তারা লজ্জাজনক হার মেনেছে ব্রাদার্স ইউনিয়নের কাছে। মাত্র ১৩৭ রানের টার্গেট তাড়া করতে নেমে চট্টগ্রাম মোহামেডান ১৮ ওভারে ৯০ রানে অলআউট হয়ে হেরেছে ৪৬ রানে। অথচ এই ম্যাচে মিথুনের কাছ থেকে অন্যরকম কিছুর প্রত্যাশাই ছিল সবার। কারণ বাংলাদেশের টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকার খবর শুনেই এই ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু ৪ রান করে আউট হয়েছেন তিনবার!
রহস্যটা খোলাসা করা যাক। ডলার মাহমুদের বলে লফটেড শট খেলেছিলেন কাভার ও এক্্রট্রা কাভারের মাঝামাঝি জায়গা দিয়ে। দুর্দান্ত এক ক্যাচে পরিণত হলেও আউট হননি কারণ ওভারস্টেপিংয়ের জন্য ততোক্ষণে 'নো' ডেকে ফেলেছেন আম্পায়ার। পরের বলে ফ্রি হিট, তাই কাভারে ক্যাচ হয়েও আউট হননি। দু'দুবার বেঁচে গেলেও ঠিক পরের বলেই মিডউইকেটে ক্যাচ হয়েছেন মারকুটে এই ওপেনার। ১৭ রানের মধ্যে চট্টগ্রাম মোহামেডানের দুই ওপেনারকে তুলে নেওয়া ডলার মাহমুদ এরপর ফিরিয়েছেন টপ স্কোরার রাসেল আল মামুনকেও (২৬)। ২৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন এই পেসারই। এর আগে ব্রাদার্সের ব্যাটিংয়েও বলার মতো তেমন কোনো ইনিংস নেই। মেহরাব হোসেন জুনিয়র (২০), জিহান মুবারক (২৪) ও তুষার ইমরানদের (২৯) ছোট ছোট ইনিংসগুলোই তাদের নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৬ রানে নিয়ে যায়।
২০ ওভারে ৫ উইকেটে ১৭৫ রান তোলা ইস্পাহানীর ব্যাটিংয়ে অবশ্য ঝড়ো ইনিংসের ছড়াছড়ি। ফজলে রাব্বি (২০ বলে ২৫) শামসুর রহমানের সঙ্গে গড়েন ৫৩ রানের ওপেনিং পার্টনারশিপ। এটি ভাঙ্গার পর শ্রীলঙ্কার জিভান মেন্ডিসকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১১৪ রানের পার্টনারশিপ গড়া শামসুরের ইনিংসে আটটি চারের সঙ্গে দুটো ছক্কার মারও আছে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দর্শক বিনোদনের পর্যাপ্ত জোগান দিয়েছেন মেন্ডিসও। চারটি চার ও তিনটি ছক্কায় তার ব্যাট থেকে এসেছে ৬৫ রান। এরকম বিধ্বংসী ব্যাটিংয়ের বিপরীতে পাইরেটসের বড় ব্যবধানে হারাই ছিল স্বাভাবিক। কারণ তাদের ইনিংস সর্বোচ্চ ২৯ রান এসেছে সোহরাওয়ার্দী শুভ'র ব্যাট থেকে। এর আগে ২৩ রানে ৩ উইকেটও নিয়েছেন এই বাঁ হাতি স্পিনার।
সোহরাওয়ার্দী শুভ'র অলরাউন্ড নৈপূণ্য দেখানোর দিনে নায়ক অবশ্য তার ঘনিষ্ঠ বন্ধু শামসুর রহমান শুভই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০০ঘ.
bdnews24