জোহানেসবার্গ, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরে তারা পেয়েছিল সর্বশেষ স্থান, কিন্তু এবার দারুণ জমে ওঠা দ্বিতীয় আসরে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সামনের সারিতেই আছে বেঙ্গালুুরুর রয়্যাল চ্যালেঞ্জার্স। জ্যাক ক্যালিস আর রবিন উথাপ্পার দুটি ফিফটিতে রোববার মুম্বাই ইন্ডিয়ানসকে ৯ উইকেটে হারিয়ে ডেকান চার্জার্স, কিংস ইলেভেন পাঞ্জাব আর দিল্লী ডেয়ারডেভিলসের সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে যোগ দিয়েছে তারাও। এই চার দলেরই সংগ্রহ এখন ৮ পয়েন্ট করে, যদিও বেঙ্গালুরু খেলেছে আটটি ম্যাচ, পাঞ্জাব সাতটি আর ডেকান ও দিল্লী ছয়টি করে।
খুব একটা পিছিয়ে নেই মুম্বাইও, ৭ ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে রান রেটে তাদের ওপরে আছে চেন্নাই সুপার কিংস আর ঠিক পেছনে আছে গতবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। কেবল কলকাতা নাইট রাইডার্সই আছে অন্যদের চেয়ে পিছিয়ে, ৮ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট।
রোববার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সনাৎ জয়াসুরিয়া আর ডোয়াইন ব্র্যাভোর দুটি হাফসেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৯ রান তুলেছিল মুম্বাই। ৪৩ বলে ৫২ রানের ইনিংসে জয়াসুরিয়া একটি ছক্কার সঙ্গে মেরেছেন ছয়টি বাউন্ডারি, আর ব্র্যাভোর ৪০ বলে অপরাজিত ৫০ রানের ইনিংসটি সাজানো দুটি ছক্কা ও একটি বাউন্ডারিতে। চতুর্থ উইকেটে ব্র্যাভোর সঙ্গে ৬৬ রানের হার না মানা জুটি গড়া অভিষেক নায়ার খেলেছেন ২০ বলে ২৯ রানের একটি ছোট কিন্তু কার্যকর ইনিংস।
ক্যালিস আর উথাপ্পার দারুণ ব্যাটিংয়ে ১১ বল বাকি থাকতেই সেই স্কোর টপকে গেছে বেঙ্গালুরু। ২৪ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ১২৬ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন তারা দুজন। দুটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৫৯ বলে অপরাজিত ৬৯ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন ক্যালিস। উথাপ্পা অপরাজিত ছিলেন ৬৬ রান করে। ৪২ বলের ইনিংসে দুটি ছক্কার সঙ্গে আটটি বাউন্ডারিও মেরেছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
মুম্বাই ইন্ডিয়ানস : ২০ ওভারে ১৪৯/৪ (জয়াসুরিয়া ৫২, ব্র্যাভো ৫০*, নায়ার ২৯*; ডু প্রিজ ৩/৩২, ফনডার মার্ভ ১/২৭)
বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স : ১৮.১ ওভারে ১৫০/১ (ক্যালিস ৬৯*, উথাপ্পা ৬৬*; জহির ১/১২)
ফল : বেঙ্গালুরু ৯ উইকেটে জয়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮১০ ঘ.
bdnews24