২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিফলে গেল যুবরাজের অলরাউন্ড নৈপূণ্য

আইপিএলের দ্বিতীয় আসরের প্রথম হ্যাটট্রিক, সঙ্গে মাত্র ৩৪ বলে ৫০ রানের দারুণ একটা ইনিংস। এক ম্যাচে একা আর এরচেয়ে বেশি কিই বা করতে পারতেন যুবরাজ সিং। কিন্তু তার এই অলরাউন্ড নৈপূণ্যও কাজে লাগেনি, শুক্রবার ডারবানের কিংসমিডে তার দল কিংস ইলেভেন পাঞ্জাব ৮ রানে হেরে গেছে বেঙ্গালুুরুর রয়্যালস চ্যালেঞ্জার্সদের কাছে। আর দিনের অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৯ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 08:07 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ডারবান, ২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএলের দ্বিতীয় আসরের প্রথম হ্যাটট্রিক, সঙ্গে মাত্র ৩৪ বলে ৫০ রানের দারুণ একটা ইনিংস। এক ম্যাচে একা আর এরচেয়ে বেশি কিই বা করতে পারতেন যুবরাজ সিং। কিন্তু তার এই অলরাউন্ড নৈপূণ্যও কাজে লাগেনি, শুক্রবার ডারবানের কিংসমিডে তার দল কিংস ইলেভেন পাঞ্জাব ৮ রানে হেরে গেছে বেঙ্গালুুরুর রয়্যালস চ্যালেঞ্জার্সদের কাছে। আর দিনের অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৯ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। টস জিতে ব্যাট করতে নামা চ্যালেঞ্জার্সরা নির্ধারিত ২০ ওভারে চ্যালেঞ্জার্সরা তুলেছিল ৯ উইকেটে ১৪৫ রান। জবাব দিতে নেমে কিংস ইলেভেন তুলতে পারে ৭ উইকেটে ১৩৭ রান। বেঙ্গালুরুর ইনিংসের একাদশ ওভারের শেষ দুই বলে রবিন উথাপ্পা (১৯) ও জ্যাক ক্যালিস (২৭) ফিরিয়ে দেওয়ার পর ত্রয়োদশ ওভারের প্রথম বলে মার্ক বাউচারকেও প্যাভিলিয়নের পথ দেখিয়ে এবারের আইপিএলের প্রথম হ্যাটট্রিকটি করেছেন যুবরাজ। মাত্র ৫ রানে তিন উইকেট খুইয়ে এলোমেলো হয়ে যাওয়া চ্যালেঞ্জার্সদের পথে ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার রোলফ ফনডার মার্ভের মাত্র ১৯ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস। তিনটি ছক্কা আর তিনটি বাউন্ডারিতে সাজানো এই ইনিংসটার কল্যাণেই লড়ার মতো পুঁজি পায় বেঙ্গালুরু। ২২ রানে তিন উইকেট পান যুবরাজ, আর বাঁ হাতি স্পিনার ইউসুফ আব্দুল্লা নেন ৩৬ রানে চার উইকেট। ১৩ উইকেট নিয়ে এই দক্ষিণ আফ্রিকানই এবারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী। জবাব দিতে নামা পাঞ্জাবকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন অধিনায়ক যুবরাজ। করন গোয়েলকে (২০) সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে মাত্র ৯.৫ ওভারে ৭০ রান তুলে নিয়েছিলেন তিনি। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। শেষ ওভারে জয়ের জন্য ১৩ রানের প্রয়োজন ছিল তাদের, কিন্তু প্রবীন কুমারের করা ওই ওভারে দুটি উইকেট হারিয়ে মাত্র চার রান তুলতে পারে তারা। সাত ম্যাচে বেঙ্গালুরুর এটি তৃতীয় জয়, আর ৬ ম্যাচে পাঞ্জাবের তৃতীয় হার। সমান ৬ পয়েন্ট নিয়ে পাঞ্জাব চতুর্থ আর বেঙ্গালুরু পঞ্চম স্থানে আছে। এর আগে বিকেলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে সাত ম্যাচে পঞ্চম হারের স্বাদ দিয়ে মুম্বাই উঠে গেছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। টস জিতে ব্যাট করতে নেমে জে পি ডুমিনির ৩৭ বলে অপরাজিত ৫২ আর অধিনায়ক শচীন টেন্ডুলকারের ৩৪ রানের কল্যাণে ২০ ওভারে মুম্বাই তুলেছিল ৬ উইকেটে ১৪৮ রান। জবাবে ব্র্যাড হজের ৬০ বলে ৭৩ রান আর মরনে ফন উইকের ৩২ রানের পরও কলকাতা শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৩৯ রানের বেশি তুলতে পারেনি। তৃতীয় উইকেটে এই দুজনের ৮৯ রানের জুটির পর মুম্বাইকে ম্যাচে ফিরিয়েছে জহির খানের বোলিং। ৩১ রানে তিন উইকেট নিয়েছেন এই পেসার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯২৫ ঘ.