ডারবান, ২১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এই মাঠেই দারুণ একটা সুখস্মৃতি আছে যুবরাজ সিংয়ের। টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ডারবানের কিংসমিডেই ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারেই ছয় বলে ছয় ছক্কা হাঁকানো যুবরাজের দল কিংস ইলেভেন পাঞ্জাব মঙ্গলবার আইপিএলে টানা দ্বিতীয় হারের মুখ দেখেছে। এবং তাদের সেটা দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ওপেনার ক্রিস গেইলের তাণ্ডব।
১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে গেইলের ঝড়ো ব্যাটিংয়ে কেকেআর ৯.২ ওভারে ১ উইকেটে ৭৯ রান তোলার পর বৃষ্টি খেলা থামিয়ে দেয়। এরপর 'কাট-অফ টাইম'-এও বৃষ্টি না থামায় ডাকওয়ার্থ-লুইস মেথড অনুযায়ী নির্ধারিত হয় এই ম্যাচের ভাগ্য। বৃষ্টি শুরুর সময় ডি/এল মেথড অনুযায়ী এগিয়ে থাকা কলকাতা পেয়েছে ১১ রানের জয়। হায়দরাবাদ ডেকান চার্জাসের কাছে বাজেভাবে হেরে শুরুর পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো শাহরুখ খানের দল।
প্রথম ম্যাচে টস জিতে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল খুব। তবে এই ম্যাচেও টস ভাগ্যে জেতার পর একই ভুল আর করেননি। তবে এই ম্যাচটাও শুরু হয় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হতাশা উপহার দিয়েই। কারণ এবারো প্রথম একাদশে জায়গা হয়নি বাংলাদেশ দলের সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। যেজন্য তার আইপিএল অভিষেক বিলম্বিত হলো আরো। তবে কিংস ইলেভেন পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠানোর পর সাফল্য পেতে বিলম্ব হয়নি কেকেআর-এর।
ম্যাচের প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে শুরু করা ইশান্ত শর্মা তৃতীয় ওভারেই ফেরত পাঠান ওপেনার করণ গোয়েলকে। স্লিপে দুর্দান্ত এক ক্যাচ নেন ব্যাট হাতে কেকেআর-এর প্রথম জয়ের নায়ক গেইল। এরপর ব্যাটিং অর্ডারে তিন নাম্বারে প্রমোশন পাওয়া ইরফান পাঠান নেমেই ঝড়ো ব্যাটিং শুরু করায় দুঃশ্চিন্তা ছড়িয়ে পড়েছিল নাইট রাইডার্স শিবিরে। পাঁচ বাউন্ডারি ও এক ছক্কায় দ্রুত চলমান রান চাকা থামানোর জন্য কেকেআর-এর ত্রাণকর্তা হয়ে এলেন এমন একজন, যার সঙ্গে আইপিএলের দ্বিতীয় আসরে তাদের সম্পর্ক খুব একটা ভালো বলে শোনা যায় না।
অধিনায়কত্ব হারানো সৌরভ গাঙ্গুলী প্রথম ম্যাচে ব্যাট হাতেও সুবিধা করে উঠতে পারেননি। ১২ বলে ১ রান করে আউট হওয়া 'দাদা' এবার বল হাতে এনে দেন সাফল্য। দ্বিতীয় বলেই ফেরান ১৭ বলে ৩২ রান করা পাঠানকে। বাউন্ডারি লাইনে দারুণ ক্যাচ নিয়ে পাঠানকে ফেরানোয় অবদান আছে মুরালি কার্তিকেরও। এক বল পর ওপেনার রবি বোপারাও (১৫) সৌরভের বলে কটবিহাইন্ড। তিন বলে 'দাদা'র দুই উইকেট তুলে নেওয়ার সুবাদে বিপর্যস্ত প্রীতি জিনতার দল ৬ ওভারে ১ উইকেটে ৪৬ থেকে ১০ ওভারশেষে হয়ে যায় ৩ উইকেটে ৬৭।
অবস্থা আরো করুণ হতে পারতো যদি যুবরাজ সিং থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত না চাইতেন। লক্ষীরতন শুক্লার বলে ডিপ স্কোয়ার লেগে যুবরাজের দুর্দান্ত এক ক্যাচ নেন আইপিএলে এদিনই অভিষিক্ত যশপাল সিং। কিন্তু পরে টিভি রিপ্লেতে দেখা যায় বল মাটি স্পর্শ করেছিল। এরপর যুবরাজ (২৮ বলে ৩৮), কুমার সাঙ্গাকারা (২৪ বলে ২৬) ও মাহেলা জয়াবর্ধনেদের (১৯ বলে অপরাজিত ৩১) সম্মিলিত অবদানে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান তোলো কিংস ইলেভেন।
জবাব দিতে নামা কেকেআর-এর দুই ওপেনারই শুরু থেকে তোপ দাগাচ্ছিলেন। প্রথম ম্যাচে ব্যর্থ অধিনায়ক ম্যাককালামও পাল্লা দিচ্ছিলেন গেইলের সঙ্গে। সুবাদে ১৬ বলে এক চার ও দুই ছক্কায় ২১ রান করে ম্যকাকালামের বিদায়ের সময় মাত্র ৫.৩ ওভারেই স্কোরবোর্ডে উঠে গেছে ৫৭ রান। সেখান থেকে খেলা বন্ধ হওয়ার আগপর্যন্ত ব্র্যাড হজকে (১৪ বলে অপরাজিত ১০) নিয়ে কলকাতাকে সহজ জয়ের পথই দেখাচ্ছিলেন গেইল। এই ক্যারিবীয় ব্যাটসম্যান অপরাজিত ৪৪ রান করতে খেলেছেন মোটে ২৬ বল। যে ইনিংসে চার দুটো হলেও ছক্কা চারটি। এমন ঝড়ো ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে ম্যাচ সেরাও হয়েছেন তিনিই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪৫ঘ.
bdnews24