ঢাকা, ১৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সুপার কাপ ফুটবলের মতো চ্যাম্পিয়ন দল কোটি টাকা পাচ্ছে না বটে, তবে আগামী ২ মে থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া পিসিএল (পোর্ট সিটি লিগ) টি২০ কোটি টাকার আসরই। আটটি দলকে নিয়ে জমকালো এই টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ৪৮ জন ক্রিকেটারকে নিলামে তোলা হচ্ছে ২৫ এপ্রিল। ওইদিন চট্টগ্রামের সারসন রোডের ইস্পাহানী রিসোর্টে সকাল এগারোটায় শুরু হতে যাওয়া নিলামের জন্য ক্রিকেটারদের তালিকাও প্রকাশ করা হয়েছে রোববার। এসে সেরা ক্যাটাগরি 'এ প্লাস' এ আছেন মাত্র দু'জন।
যদিও শুরুতে মোহাম্মদ আশরাফুল এবং মাশরাফি বিন মর্তুজাসহ মোট পাঁচজনকে রাখার কথা ছিল এই ক্যাটাগরিতে। কিন্তু জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক আইপিএলে চলে যাওয়ায় এবং সাকিব আল হাসানও ইনজুরির জন্য খেলতে পারবেন না বলে শেষপর্যন্ত এতে আছেন ওপেনার তামিম ইকবাল ও বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। নিলামে তাদের দর শুরু হবে ম্যাচ প্রতি ৩০ হাজার টাকা থেকে। ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মেহরাব হোসেন জুনিয়র, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, মাহবুবুল আলম, রুবেল হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাঈম ইসলাম- জাতীয় দলের এই ক্রিকেটাররা আছে 'এ' ক্যাটাগরিতে, যাদের ম্যাচ প্রতি দর ডাকা শুরু হবে ২০ হাজার টাকা থেকে। আর 'এ মাইনাস, 'বি প্লাস' এবং 'বি' ক্যাটাগরির ম্যাচ প্রতি দর শুরু হবে যথাক্রমে ১৫, ১০ এবং ৮ হাজার টাকা থেকে।
এই টুর্নামেন্টে আটটি দলের অংশগ্রহণও চূড়ান্ত হয়েছে। চট্টগ্রাম মোহামেডান, আবাহনী এবং ব্রাদার্স ইউনিয়ন ছাড়াও খেলবে নোয়াখালীর টপ স্টার, দাদা সয়াবিন তেলের দাদা ওয়ারিয়র্স, ঢাকা স্পোর্টস ক্লাব টাইগার্স, কন্টিনন্টাল গ্র"পের চট্টগ্রাম পাইরেটস এবং ইস্পাহানী। টুর্নামেন্টের মোট কয়টি খেলা ফ্লাড লাইটের আলোতে হবে, সেটা এখনো চুসন্ত করতে না পারলেও টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী এবং বিসিবি'র পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, "উদ্বোধনী ম্যাচ, দুটো সেমিফাইনাল এবং ফাইনাল, এই চারটা ম্যাচ অবশ্যই ফ্লাডলাইটে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪০ঘ.
bdnews24