২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ফিরছে 'পুরস্কারের রাত'

দু'দুবার বেশ জমকালোভাবেই আয়োজন করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাওয়ার্ডস নাইট। সেরা ক্রিকেটার, সংগঠক ও সাংবাদিকদের পুরস্কৃত করার ঘটনা শেষবার ঘটেছিল ২০০৬ সালে। দুই বছর পর সেই 'পুরস্কারের রাত' ফের চালুর সিদ্ধান্ত হয়েছে শনিবার পরিচালনা পর্ষদের সভায়। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নয়তো বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরলে এটা আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। দুটো সম্ভাব্য তারিখও ঠিক করা হয়েছে, ২৯ জুন অথবা ৭ আগস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2009, 03:40 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, ১১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দু'দুবার বেশ জমকালোভাবেই আয়োজন করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাওয়ার্ডস নাইট। সেরা ক্রিকেটার, সংগঠক ও সাংবাদিকদের পুরস্কৃত করার ঘটনা শেষবার ঘটেছিল ২০০৬ সালে। দুই বছর পর সেই 'পুরস্কারের রাত' ফের চালুর সিদ্ধান্ত হয়েছে শনিবার পরিচালনা পর্ষদের সভায়। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নয়তো বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরলে এটা আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। দুটো সম্ভাব্য তারিখও ঠিক করা হয়েছে, ২৯ জুন অথবা ৭ আগস্ট। বোর্ডের সভায় ভারতের রঞ্জি ট্রফির দল মহারাষ্ট্রের বাংলাদেশ সফরও অনুমোদন পেয়েছে। এই দলটি ১৬ মে থেকে ৫ জুন পর্যন্ত বাংলাদেশ সফরকালে বিসিবি একাদশের সঙ্গে খেলবে তিনটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ। আর বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে খেলতে তিনটি ওয়ানডে এবং দুটো তিনদিনের ম্যাচ। এছাড়া এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কার একাডেমী ও অনুর্ধ্ব-১৯ দল। এদিন আরো অনেক প্রস্তাবই অনুমোদন পেয়েছে, যেগুলোর বেশিরভাগই গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির। এই যেমন একজন বিদেশী কিউরেটর নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। তাকে আনা হবে ভারত অথবা অন্য কোনো টেস্ট খেলুড়ে দেশ থেকে। বরিশাল ও সিলেট বিভাগীয় স্টেডিয়াম যদি শুধু ক্রিকেটের জন্যই ব্যবহারে সম্মতি দেয় স্থানীয় কর্তৃপক্ষ, সেক্ষেত্রে প্রতিটা ভেন্যুতে পাঁচটি করে সেন্টার এবং চারটি করে প্র্যাকটিস উইকেট বানানো হবে। এজন্য ধরা ২৯ লাখ ১৭ হাজার টাকার বাজেট অনুমোদন পেয়েছে। আরো ৩০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, এর পাশ্ববর্তী আউটার স্টেডিয়াম, বিকেএসপি এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় ২২টি প্র্যাকটিস উইকেট প্রস্তুত করার জন্য। আর মহাখালীর টি অ্যান্ড টি মাঠ, নারায়ণগঞ্জের করিম জুট মিলস মাঠ, গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন মাঠ, মিরপুরের গোলারটেক মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল মাঠের ক্রিকেট সুবিধাদি বাড়ানোর অনুমতি পাওয়া গেছে বলেও জানানো হয়েছে সভায়। বিসিবির তত্ত্বাবধায়ক আমলে নতুন প্রধান নির্বাহী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে সাক্ষাৎকার পর্বও সারা হয়ে গিয়েছিল। এরপর হুট করেই প্রক্রিয়া থমকে যায়। শনিবার প্রধান নির্বাহী নিয়োগের জন্য আবার নতুন করে প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত হয়েছে। এদিন অনেক কিছু অনুমোদন পেলেও বিসিবির কাছে ৫০ লাখ টাকা ঋণ চেয়ে যে আবেদন করেছিল হকি ফেডারেশন, তাতে পরিচালনা পর্ষদ সম্মতি দেয়নি। মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বললেন, "বিসিবির আর্থিক অবস্থা এখন ততোটা ভালো নয়। তাই হকি ফেডারেশনকে ঋণ দেওয়া সম্ভব নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩৭ ঘ.