২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিডিএম কাপ হচ্ছেই, অনুমোদন পেল পিসিএলও

সদ্যসমাপ্ত প্রিমিয়ার ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন আবাহনী ও রানার্স আপ সূর্যতরুণ জানিয়ে দিয়েছে, সিসিডিএম কাপে খেলতে চায় না তারা। টোয়েন্টি-টোয়েন্টি বিশ^কাপের আগে তিনদিনের ম্যাচের এই টুর্নামেন্ট আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ জাতীয় দলের কোচ জেমি সিডন্সও। তবুও এই আসরটি হচ্ছেই। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় তা অনুমোদনও পেয়ে গেছে। এই সভাতেই অনুমোদন পেয়েছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রস্তাবিত পোর্ট সিটি ক্রিকেট লিগ বা পিসিএলও। এই টুর্নামেন্ট আয়োজনে বিসিবির তরফ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, ১১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সদ্যসমাপ্ত প্রিমিয়ার ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন আবাহনী ও রানার্স আপ সূর্যতরুণ জানিয়ে দিয়েছে, সিসিডিএম কাপে খেলতে চায় না তারা। টোয়েন্টি-টোয়েন্টি বিশ^কাপের আগে তিনদিনের ম্যাচের এই টুর্নামেন্ট আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ জাতীয় দলের কোচ জেমি সিডন্সও। তবুও এই আসরটি হচ্ছেই। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় তা অনুমোদনও পেয়ে গেছে। এই সভাতেই অনুমোদন পেয়েছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রস্তাবিত পোর্ট সিটি ক্রিকেট লিগ বা পিসিএলও। এই টুর্নামেন্ট আয়োজনে বিসিবির তরফ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। এই সভায় ক্লাব কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ আয়োজনের অনুমতিও পেয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি। দেশের ৬৪টি জেলার লিগ চ্যাম্পিয়ন দলকে নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। ইতিমধ্যেই ৪০টি জেলার চ্যাম্পিয়ন দলগুলো নাম রেজিস্ট্রেশনও করে ফেলেছে বলে জানানো হয়েছে। আয়োজকদের প্রস্তাব অনুযায়ী অনেকটা আইপিএলের আদলে গড়া পিসিএল মাঠে গড়ানোর কথা আগামী ২৯ এপ্রিল থেকে। জাতীয় দলের ক্রিকেটারদের এই টুর্নামেন্টে খেলাতে চান আয়োজকরা। শনিবারের সভায় বিসিবির সংশ্লিষ্ট কমিটিকে পিসিএল আয়োজকদের সঙ্গে বসে এর সূচী তৈরি করতে বলা হয়েছে। ক্লাব কাপ চ্যাম্পিয়ন শুরুর সম্ভাব্য সময় ধরা হয়েছে এপ্রিলের শেষ কিংবা মে মাসের শুরু। তবে সিসিডিএম কাপের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এই আসরের সবগুলো ম্যাচই হবে ঢাকার বাইরে। শুরুতে ৫৮ লাখ টাকা বাজেট ধরা হলেও জালাল ইউনুস জানালেন এখন তা অনেকটাই কমে আসছে, "দুটো দল যেহেতু খেলছে না, সেক্ষেত্রে যেকোনো সুবিধাজনক সময়ে এটা আয়োজন করে ফেলা যাবে। সময়ও বেশি লাগবে না চারটি দলের টুর্নামেন্ট শেষ করতে। আজকের সভায় সিসিডিএম কাপের বাজেটও কমিয়ে আনতে বলা হয়েছে।" এই টুর্নামেন্ট নিয়ে অনেক বিতর্ক থাকলেও তা আয়োজনের যৌক্তিকতা এভাবেই ব্যাখ্যা করতে চাইলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান, "এটা আয়োজন না করে উপায় নেই আমাদের। কারণ চলতি বছরের ক্রিকেট ক্যালেন্ডারে এটি আগে থেকেই অন্তর্ভূক্ত ছিল।" এসবের বাইরে এ মাসেই শুরু হচ্ছে আরেকটি টুর্নামেন্ট। সেটি মহিলা ক্লাব কাপ টুর্নামেন্ট। ২০ এপ্রিল থেকে মাঠে গড়াবে এই আসর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ ২১১১ ঘ.