ঢাকা, ১০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিডিয়াকে কীভাবে সামাল দেয়া উচিত এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড একটা কর্মশালার আয়োজন করেছিল কয়েক বছর আগে। ভারতীয় মিডিয়া জগতের জীবন্ত কিংবদন্তী প্রণয় রায় এলেন প্রধান বক্তা বা প্রশিক্ষক হয়ে। স্টার নিউজ করে তিনি জানিয়েছেন পাশ্চাত্যের মতো উপমহাদেশেও ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল করা সম্ভব। তারপর করলেন এনডিটিভি, দেখালেন সংবাদ কীভাবে রুচিশীর বিনোদন হতে পারে। সেই তারকা প্রণয় রায়ের বক্তৃতা, কাজেই ভারতীয় ক্রিকেটের মহাতারকারাও টিপসগুলো মন দিয়ে শুনছিলেন। তা বক্তৃতার এক পর্যায়ে প্রণয় রায় বললেন, ক্রিকেটারদের উচিত হবে শাহরুখ-আমিরের মতো সিনে তারকাদের অনুসরণকরা, মাথায় এমন প্রচণ্ড চাপ নিয়েও তারা যেভাবে মিডিয়া সামলান সেটা একটা ব্যাপার বটে। শুনে ফুঁসে উঠলেন তখনকার অধিনায়ক সৌরভ। তার বক্তব্য, সিনে তারকারা কখনোই ক্রিকেটার বা খেলোয়াড়দের মডেল হতে পারে না ,''যারা দশটা শট দিয়ে তার সেরাটাই শুধু মানুষকে দেখায় তাদের সঙ্গে ক্রিকেটারদের তুলনা চলে কী করে, যেখানে আমাদের সুযোগ একটাই। একবার আউট হলেই সব শেষ। আর চাপ! খেলুক না ওরা মাঠের মধ্যে পক্ষ-বিপক্ষের লাখো দর্শকের সামনে।''
নিয়তির পরিহাস এই যে, যে সৌরভ সিনে তারকাদের সঙ্গে ক্রিকেটারদের তুলনাটাকেই গৌরবময় মনে করেননি, আজ তাকে নিয়েই খেলছেন একজন সিনে তারকা। সিনেমার নায়করা হিট ছবির জন্য চান দারুণ স্ক্রিপ্ট, শাহরুখ সৌরভের জন্য সেই স্ক্রিপ্ট নিয়ে হাজির। ভারতের ইতিহাসের সফলতম অধিনায়ক তিনি এবং কলকাতার ক্রিকেটের প্রতীকও। অথচ সবদিক থেকে সম্পূর্ণ বহিরাগত শাহরুখের দলের বহু অধিনায়ক তত্ত্বটা হলো এই যে তাকে বেশ কয়েকজন অধিনায়কের একজন হতে হবে। শাহরুখ বা তার পোষ্য হয়ে ওঠা কোচ বুকাননের যেদিন মন চাইবে সেদিন সৌরভ অধিনায়ক। অন্যদিন অন্যজন। সৌরভ জবাব অবশ্যই দেবেন। প্র্যাকটিস ম্যাচে দিলেন। ব্যাট হাতে ম্যাচ সর্বোচ্চ রান করলেন, অধিনায়ক হয়ে জয়যাত্রায় নেতৃত্বও দিলেন। কিন্তু প্রশ্ন হলো, ক্রিকেট মাঠে এক অনুপ্রবেশকারী নায়কের কাছে কেন জবাব দিতে হবে সৌরভকে! হত যদি সিনেমা, এবং যদি সৌরভ যেতেন অভিনয়ে তাহলে ঠিক ছিল। সেখানে শাহরুখ বাদশা। সৌরভের শট ঠিক না হলে তিনি বারবার বলতেন। সৌরভকে তাই করতে হত। কিন্তু ক্রিকেটের অঙ্গনে! টাকা আর গ্ল্যামারের গরমে শাহরুখের ঔদ্ধত্য অবশ্য এতখানি বেড়ে গেছে যে তিনি সুনীল গাভাস্কারের ক্রিকেটজ্ঞান নিয়েও কটাক্ষ করতে ছাড়ছেন না। এসব হচ্ছে এবং নিশ্চিতভাবেই হতে থাকবে। কারণ আইপিল হচ্ছে। এবং নিশ্চিভাবেই হতেই থাকবে।
অমিতাভ না গাভাস্কার, শাহরুখ না শচীন ভারতীয় জনমানসে এমন বিতর্ক চিরদিনের। ওদের জীবনে গৌরবের দুটো জিনিস, একটা ক্রিকেট আর অন্যটা ফিল্ম ইন্ডাস্ট্রি। প্রেম (রবি শাস্ত্রীর সঙ্গে অমৃতা সিংয়ের) এবং স্ক্যান্ডালসূত্রে (সৌরভের সঙ্গে নাগমা বা যুবরাজের সঙ্গে শিল্পা) দুটো কখনও-সখনও মিলেছে যদিও বা, কিন্তু তার মধ্যে একটা সূক্ষ
bdnews24