ঢাকা, ৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগারস জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুরের কবি নজরুল শিক্ষা মঞ্জিল। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে তারা মাত্র ১ উইকেটে হারিয়েছে চট্টগ্রামের রেলওয়ে হসপিটাল কলোনি সিটি কর্পোরেশন হাই স্কুলকে। ৫০ ওভারের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা চট্টগ্রামের স্কুলটি ৪৯.৫ ওভারে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে যায়। তবে এতো অল্প পুঁজি নিয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকতো না। কারণ মেহেরপুরের স্কুলটি ২ বল বাকি থাকতে জয়ের তীরে পৌছার আগেই হারিয়ে ফেলেছিণ ৯ উইকেট।
এই স্কুল ক্রিকেটের সেরা ব্যাটসম্যান ও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছে রেলওয়ে হসপিটাল কলোনি স্কুলেরই মিনহাজউদ্দিন রুবেল। ৯ ম্যাচ খেলে ৪৪৮ রানই শুধু করেনি, নিয়েছে ১০টি উইকেটও। ফাইনালেও তার ঝলসে উঠতে না পারা দলের শিরোপা বঞ্চনায় রেখেছে বড় ভূমিকা। এদিন তার সংগ্রহ মাত্র ২ রান, বোলিংয়ে অবশ্য ১২ রানে এক উইকেট আছে। ব্যাটিং ব্যর্থতার মাঝে ওপেনার মোহাম্মদ জুয়েলের ২৪ ও দশ নাম্বার ব্যাটসম্যান এনামুল হকের অপরাজিত ২২ রানের ইনিংস দুটোই তাদের সর্বোচ্চ। কবি নজরুল শিক্ষা মঞ্জিলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন আশিক পারভেজ (৯-৩-১৮-৩) ও রাজন আহমেদ (৮-০-২৪-৩)।
প্রায় হারতে বসা ম্যাচে নয় নাম্বার ব্যাটসম্যান রাজনের অপরাজিত ১৩ রান অমূল্য এক ইনিংস হয়ে থেকেছে মেহেরপুরের এই স্কুলটির কাছে। একারণেই ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি উঠেছে তার হাতেই। তাদের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করে সাঈদ হোসেন। এছাড়া আনোয়ার হোসেনের ব্যাট থেকে এসেছে ৩১ রান। রেলওয়ে হসপিটাল কলোনি স্কুলের এনামুল হক ২৩ রানে তিনটি এবং ইব্রাহিম করিম ২০ রানে ২ উইকেট নিয়ে লো-স্কোরিং ফাইনালকে দারুণ জমিয়ে তোলেন।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু'দলের ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অফ হিউম্যান রিসোর্স সন্দীপ মুখার্জি। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিসিবি'র পরিচালক আমিনুল হক মনি, জালাল ইউনুস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের রিজিওনাল হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স শাহ মাসুদ ইমাম এবং বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বর্তমানে নির্বাচক নাঈমুর রহমান দুর্জয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫৫ঘ.
bdnews24