ওয়েলিংটন, ৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃষ্টির কারণে শেষ দিনে খেলা হয়েছে মাত্র ৩৮.৪ ওভার। মঙ্গলবার লাঞ্চের একটু পরেই দুদলের খেলোয়াড়রা যখন মাঠ ছাড়ছেন, ৬১৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের স্কোর তখন ৮ উইকেটে ২৮১।
বৃষ্টি এরপরে আর খেলাই শুরু করতে না দেওয়ায় ওয়েলিংটন টেস্টে কোনো রকমে হার এড়িয়েছে স্বাগতিকরা, কিন্তু জিততে না পারলেও মহেন্দ্র সিং ধোনির দল ঠিকই গড়েছে ইতিহাস। ৪১ বছর পর নিউজিল্যান্ডের মাঠ থেকে টেস্ট সিরিজ জিতে ফিরছে ভারত।
বৃষ্টি নামার আগে ভারতকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন হরভজন সিং আর শচীন টেন্ডুলকারের। সব মিলিয়ে ৫৯ রানে চার উইকেট পাওয়া হরভজন আর টেন্ডুলকার (২/৪৫) দুজনই এদিন দুটি করে উইকেট তুলে নেওয়ায় মাত্র ৩২ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল কিউইরা।
রস টেলরের সেঞ্চুরিতে এর আগে পর্যন্ত অবশ্য ভালোই করছিল নিউজিল্যান্ড। পঞ্চম উইকেটে জেমস ফ্রাঙ্কলিন নিয়ে ১৪২ রানের জুটি গড়েছেন এই ডানহাতি। ১৬৫ বলে ১০৭ রানের ইনিংসে ১৬টি বাউন্ডারি মেরেছেন তিনি। ফ্রাঙ্কলিন করেছেন ৪৯ রান, আর খেলা শেষ হওয়ার সময় অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ১৫ এবং ইয়ান ও'ব্রায়েন ১৯ রান নিয়ে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৩৭৯ (টেন্ডুলকার ৬২, হরভজন ৬০, ধোনি ৫২, শেবাগ ৪৮; মার্টিন ৪/৯৮, ও'ব্রায়েন ২/৮৯, সাউদি ২/৯৪) ও ৪৩৪/৭ ডি. (গম্ভীর ১৬৭, দ্রাবিড় ৬০, লক্ষ্মণ ৬১, ধোনি ৫৬*, যুবরাজ ৪০; মার্টিন ৩/৭০, ও'ব্রায়েন ২/১০০)
নিউজিল্যান্ড : ১৯৭ (টেলর ৪২, ম্যাকিন্টোশ ৩২, ম্যাককালাম ২৪, ও'ব্রায়েন ১৯, গাপটিল ১৭, সাউদি ১৬, ফ্রাঙ্কলিন ১৫; জহির ৫/৬৫, হরভজন ৩/৪৩, প্যাটেল ১/২০, শর্মা ১/৪৭) ও ২৮১/৮ (টেলর ১০৭, গাপটিল ৪৯, ফ্রাঙ্কলিন ৪৯, ও'ব্রায়েন ১৯*, ভেট্টোরি ১৫*; হরভজন ৪/৫৯, টেন্ডুলকার ২/৪৫, জহির ২/৫৭)
ফল : ম্যাচ ড্র
সিরিজ : ভারত ১-০ টেস্টে জয়ী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪০৫ ঘ.
bdnews24