সেঞ্চুরিয়ন, ৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রতিশোধ নিয়ে সিরিজে ফিরে এসেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রোববার তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৭ উইকেটে। তাই নয় শুধু, অস্ট্রেলিয়ার ইতিহাসে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে কম রানে (১৩১) অলআউট করে রিকি পন্টিংয়ের দলকে লজ্জায়ও ডুবিয়েছে দক্ষিণ আফ্রিকা।
টস জিতে আগের ম্যাচের সুখকর অভিজ্ঞতার কথা মাথায় রেখেই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রিকি পন্টিং। কিন্তু মাত্র ১৯ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে নিকট-অতীতের সবচেয়ে ভয়ংকর ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় তারা। সেখান থেকে তাদের খানিকটা উদ্ধার করে জেফারসন-জনসনের জুটি, সপ্তম উইকেটে তাদের ৬৩ রানেই অস্ট্রেলিয়া ৪০.২ ওভারে অলআউট হওয়ার আগে করে ১৩১। পুরো দৈর্ঘ্যরে (৫০ ওভারের) ম্যাচে গত ৩০ বছরের মধ্যে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান। ১৯৭৮-৭৯ মৌসুমে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ১০১ রানে অলআউট হওয়ার পর আর কখনও এত কম রানে আউট হয়নি অস্ট্রেলিয়া। এই ১৩১ রানের মধ্যে সর্বোচ্চ রান জেফারসনের, তিনি ৮৩ বলে ৫০ রান করেন, যাতে বাউন্ডারি ছিল ৩টি। জনসনের ৩০ রান আসে ৬২ বলে। নতুন বলের দুই বোলার স্টেইন ও পার্নেলই ছিলেন মূল হন্তারক। দুজনে ৪টি করে উইকেট নিয়েছেন যথাক্রমে ২৫ ও ২৭ রানে।
এই রান এমন কিছু ব্যাপার নয়। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা সময়ও নেয়নি বিশেষ। মাত্র ২৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা পৌঁছে যায় লক্ষ্যে। স্মিথ ও ক্যালিস যথাক্রমে ৪০ ও ৩১ রান করে আউট হয়ে গেলেও ডি ভিলিয়ার্স শেষপর্যন্ত ৩৬ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে ফিরেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৯ু৪৫ঘ.
bdnews24