ঢাকা, ১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথম পর্বে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সকে লজ্জায় ডুবিয়েই সুপার লিগ নিশ্চিত করেছিল মোহামেডান। এরপর সূর্যতরুণ ও আবাহনীর কাছে টানা দুই হারের পর সেই একই দলের বিপক্ষে সুপার লিগে প্রথম জয়ের মুখ দেখেছে ঐতিহ্যবাহী এই দলটি। প্রথম পর্বে ফতুল্লায় মাত্র ৫৩ রানে গাজীকে অলআউট করে দিয়ে ১৭২ রানের বিশাল জয় তুলে নিলেও এবার ততোটা সহজ হয়নি। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মোহামেডান জিতেছে ৪ উইকেটে।
টস জিতে ব্যাটিংয়ে নামা গাজী ট্যাঙ্ক অবশ্য আরো বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারতো। যদি অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আরেকজন সঙ্গী পেতেন। দলকে প্রায় একাই টেনে দুইশো পার করে দেওয়ার পর নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন জাতীয় দলের অধিনায়ক। খেলেছেন ৮৪ বলে ৭৮ রানের ঝলমলে এক ইনিংস। যাতে পাঁচটি চারের সঙ্গে একটি ছক্কার মারও আছে। অথচ গাজীর ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ মাত্র ৩০ রান, এসেছে উইকেটকিপার আনোয়ার হোসেনের ব্যাট থেকে। আশরাফুলের এক প্রান্ত আগলে রাখা এবং অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা গাজী তাই ৪৯.৫ ওভারে ২২১ রানে গুটিয়ে যায়। মোহামেডানের তো বটেই, ম্যাচেরও সফলতম বোলার সাজিদুল ইসলাম। এই বাঁ হাতি পেসারের বোলিং ফিগার দেখলেই তা পরিষ্কার : ১০-৩-৩২-৩। তিন উইকেট নিয়েছেন তার দলেরই আরেক পেসার ডলার মাহমুদও, তবে এ জন্য তার খরচাটা বেশিই, ৬১ রান।
জবাব দিতে নামা মোহামেডানের কাজটা কঠিন করে তুলেছিলেন তাদের ব্যাটসম্যানরাই। প্রথম সারির ব্যাটসম্যানদের মধ্যে এক ফরহাদ হোসেনের ৩৬ রানই সর্বোচ্চ। ফলে ১৫২ রানে ৬ উইকেট হারানোর পর গাজীর জয়ের সম্ভাবনাই উঁকি দিচ্ছিল বেশি। সেখান থেকে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১০ বল বাকি থাকতেই দলকে জয়ের তীরে পৌছে দেওয়ার কৃতিত্বটা ফয়সাল হোসেন (৫২*) ও অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ'র (৩২*)। অবশ্য এরপরও ম্যাচ সেরা মোহামেডানের কেউ নন। ব্যাট হাতে নিঃসঙ্গ লড়াই করে যাওয়া আশরাফুলকেই পুরস্কারটা তুলে দিয়েছেন ম্যাচ রেফারি আখতার আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২৫ঘ.
bdnews24